• Breaking News

    সর্বস্ব দিয়েই ঝাঁপাতে হবে নর্থইস্ট ইউনাইটেডকে

    আইএসএল মিডিয়া রিলিজ

    [caption id="attachment_2653" align="alignleft" width="300"]আইএসএল-এর সর্বোচ্চ গোলদাতা মার্সেলিনিও, অনুশীলনে। ছবি - আইএসএল আইএসএল-এর সর্বোচ্চ গোলদাতা মার্সেলিনিও, অনুশীলনে। ছবি - আইএসএল[/caption]

    নর্থইস্ট ইউনাইটেড এফসি-র সেমিফাইনালে পৌঁছনোর সম্ভাবনা ৩৫.৮ শতাংশ। এখন বাকি তিনটি জায়গার জন্য মোটামুটি যে চারটি দলের সম্ভাবনা আছে তাদের মধ্যে সবচেয়ে কম। তবুও ইতিবাচক মানসিকতা নিয়েই এগোতে চাইছে নর্থইস্ট।

    প্রথম চারে জায়গা পাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে গেলে নর্থইস্টকে এখন বাকি দুটি ম্যাচ থেকে ৬ পয়েন্টই পেতে হবে। সেই লক্ষ্যে নিজেদের ১৩তম ম্যাচে মঙ্গলবার ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে বুধবার নর্থইস্ট খেলতে নামবে দিল্লি ডায়নামোসের বিরুদ্ধে।

    আগের ম্যাচে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধেই সম্ভাবনা প্রায় শেষ হয়ে গিয়েছিল নর্থইস্টের। কিন্তু শেষ মুহূর্তে শৌভিক ঘোষের গোলে ৩-৩, সমতা ফিরিয়ে এক পয়েন্ট নিয়ে সেমিফাইনালের আশা জিইয়ে রেখেছে নেলো ভিনগাদার দল। তবে, কোচ কিন্তু মনে করছেন, শেষ মুহূর্তের গোলে পয়েন্ট এলেও, ম্যাচটা থেকে এক পয়েন্ট পাওয়ার হকদার ছিল তাঁর দল।

    ‘যদি আপনারা বলেন যে, শেষ মিনিটে গোল পেয়েছে বলে নর্থইস্ট ভাগ্যবান, মেনে নেব। কিন্তু একই সঙ্গে মনে করিয়ে দেব যে, এই দলটা শেষ মিনিট পর্যন্ত সমতা ফেরানোর জন্য লড়ছিল বলেই ওই পয়েন্টটা পেয়েছে। সুযোগ তৈরি হয়েছিল, আমরা কাজে লাগিয়েছি। তাই ওই পয়েন্ট পাওয়ার যোগ্য ছিল দল, মানতেও বাধ্য। ঠিকঠাক ফলাফল ম্যাচের, যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দলের আস্থা একলাফে বেড়ে গিয়েছে। বাকি দুটি ম্যাচে সর্বস্ব দিয়ে ঝাঁপাতেও তৈরি,’ ভিনগাদা বলেছিলেন, চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ শেষে।

    তবে, দিল্লির বিরুদ্ধে প্রথম দল বেছে নেওয়ার ক্ষেত্রে আরও বেশি ভাবতে হবে এখন কোচকে কারণ, দুজন গুরুত্বপূর্ণ ফুটবলার, রোমারিক ও নিকোলাস ভেলেজ, তিনটি করে হলুদ কার্ড দেখে রেখেছেন এই প্রতিযোগিতায়। এই ম্যাচে আরও একবার হলুদ কার্ড দেখলেই শেষ ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে পারবেন না তাঁরা। ভাল খবরও আছে অবশ্য। ডিফেন্সিভ মিডফিল্ডার রোলিন বোর্জেস এক ম্যাচের নির্বাসন কাটিয়ে ফিরে আসছেন। জাপানি মিডফিল্ডার কাতসুমি ইউসা-কেও শুরু থেকে ফেরাতে পারেন ভিনগাদা।

    ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দিল্লি ডায়নামোসের অবশ্য বিরাট চিন্তার কিছু নেই। আগের ম্যাচে এফসি গোয়াকে ৫-১ হারিয়ে আত্মবিশ্বাসে টগবগে তারা।

    ‘দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আমরা এখনও সেমিফাইনালে পৌঁছইনি। তাই, পরের ম্যাচে মনঃসংযোগ করতেই হবে। বিপক্ষ নর্থইস্ট, যারা বেশ শক্তিশালী। তাই আমাদেরও মেপে পা ফেলা জরুরি,’ বলেছেন দিল্লির কোচ জামব্রোতা।

    অঙ্ক বলছে, দিল্লির সেমিফাইনালে পৌঁছনোর সম্ভাবনা ৯৯.৫৯ শতাংশ। ফলে, বেশি ম্যাচ খেলে ক্লান্ত ফুটবলারদের বিশ্রাম দেওয়ার কথাও ভাবতেই পারেন জামব্রোতা।

    ‘দেখতে হবে ফুটবলাররা কে কী অবস্থায় আছে, রিকভারির পর্যাপ্ত সময় পাচ্ছে কিনা। নর্থইস্টের বিরুদ্ধে ম্যাচের ট্যাকটিক্যাল ব্যাপারস্যাপার নিয়ে এখনও ততটা ভেবে উঠতেই পারিনি,’ স্বীকার করেছেন ইতালির হয়ে বিশ্বজয়ী জামব্রোতা।

    তৃতীয় হিরো ইন্ডিয়ান সুপার লিগে দিল্লি তাদের শেষ ম্যাচ খেলবে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে, আগামী ৩ ডিসেম্বর।

    No comments