জিকোর বিদায় নিশ্চিত করলেন ব্রাজিলীয় মার্সেলিনিও
দিল্লি ডায়নামোস ৫ এফসি গোয়া ১
(মার্সেলিনিও ৩৮, ৪৮, ৫৬, গ্যাডজে ৫১, ৫৮) (কারদোজো ৩১)
আইএসএল মিডিয়া রিলিজ
[caption id="attachment_2637" align="alignleft" width="300"]
ব্রাজিলীয় কিংবদন্তি জিকোর দলকে সরকারিভাবেই ছিটকে দিলেন আর এক ব্রাজিলীয় মার্সেলো লেইতে পেরিরা!
দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে, নিজেদের দর্শকদের সামনে তৃতীয় হিরো ইন্ডিয়ান সুপার লিগে সেমিফাইনালে যাওয়া প্রায়-নিশ্চিত করে ফেললেন মার্সেলিনিও। হ্যাটট্রিক করলেন, গ্যাডজের একটি গোলের পাস বাড়ালেন। মোট আট গোল এবারের আইএসএল-এ। সর্বোচ্চ গোলদাতা, এককভাবে এখন। সঙ্গে ৫ অ্যাসিস্ট। আর ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে জিয়ানলুকা জামব্রোতার দিল্লি ডায়নামোস উঠে এল পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে।
ঘরের মাঠে আগের ৬ ম্যাচে অপরাজিত ছিল দিল্লি। গ্রুপ লিগে ঘরে শেষ ম্যাচে বিরাট ব্যবধানে জয় পাওয়ার পর, জোর দিয়ে বলা না গেলেও অনেকটাই নিশ্চিত যে, আরও একটি ম্যাচ – সেমিফাইনাল – খেলার সম্ভাবনা রইল এই মাঠেই। গতবার রোবের্তো কার্লোসের প্রশিক্ষণেও দিল্লি সেমিফাইনালে পৌঁছেছিল। কিন্তু হারতে হয়েছিল এই এফসি গোয়ার কাছেই।
ম্যাচে কিন্তু প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল এফসি গোয়া। হুলিও সিজার চেষ্টা করেছিলেন। পোইরেই কোনও রকমে প্রাথমিকভাবে আটকালেও বল চলে গিয়েছিল আগুয়ান কারদোজোর কাছে। ফাঁকায় গোল করে যান। জেগে ওঠার জন্য বোধহয় এই ধাক্কাটাই দরকার ছিল দিল্লির। বক্সের ঠিক বাইরে ফ্রি কিক পেয়েছিল দিল্লি, মালুদা এগিয়ে দেন বল মার্সেলিনিওর জন্য। গোয়ার গোলরক্ষক কাট্টিমনিকে সহজেই পরাস্ত করে সমতা ফিরিয়েছিলেন মার্সেলিনিও, পিছিয়ে পড়ার সাত মিনিট পরই।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ব্যবধান বাড়াতে সচেষ্ট ছিল দিল্লি। ৪৮ থেকে ৫৮ – মাত্র ১০ মিনিটে চার গোল! মার্সেলিনিওর দ্বিতীয় গোল ৪৮ মিনিটে, থ্রো ইন থেকে বল পেয়ে, দুর্দান্ত শটে। বাঁপায়ের আউটস্টেপ দিয়ে নেওয়া শট পোস্টে লেগে গোলে যায়, কাট্টিমনির ধরার কোনও সুযোগই ছিল না। দলের তৃতীয় গোলে অ্যাসিস্ট মার্সেলিনিওর। গ্যাডজে-কে পাস দিয়েছিলেন। রাজু গায়কোয়াড় পেছনেই থেকে যান, গ্যাডজের শট পরাস্ত করে কাট্টিমনিকে, প্রথম পোস্টে।
৫৬ মিনিটে মার্সেলিনিওর হ্যাটট্রিক। এবার মার্কোস তেবারের পাস ধরে দেবব্রত রায়কে কাটিয়ে ডানপায়ে কাট্টিমনির ডানদিক দিয়ে জালে রেখেছিলেন ব্রাজিলীয় ফুটবলার। ম্যাচের নায়ককে খুঁজে নিতে কোনও সমস্যাই হয়নি আর। এবারের আইএসএল-এ তৃতীয় হ্যাটট্রিক, ফোরলান ও ডুডুর পর। পরের মিনিটেই তেবারের পাস থেকে গ্যাডজের দ্বিতীয় গোল। প্রতিযোগিতায় ৫ গোল হয়ে গেল গ্যাডজেরও।
হাতে এখনও একটি ম্যাচ, জিতলেও ১৪ পয়েন্ট পাবে গোয়া। সেমিফাইনালে যাওয়ার কোনও সুযোগই নেই আর। ১৩ ম্যাচে অষ্টম হার জিকোর এবার! দিল্লিকে বাকি দুটি ম্যাচই খেলতে হবে বাইরে, যথাক্রমে নর্থইস্ট ইউনাইটেড এফসি ও মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে। যেহেতু নর্থইস্টের সংগ্রহে ১৫ পয়েন্ট এবং হাতে দুটি ম্যাচ, ২১ পয়েন্টে পৌঁছতেই পারে, যেমন পারে কলকাতা ও কেরল। তাই দিল্লি সেমিফাইনালে পৌঁছে গিয়েছে, সরকারিভাবে বলা সম্ভব নয়। কিন্তু জামব্রোতারা তাঁদের প্রাথমিক লক্ষ্য প্রথম চারে থাকার দিকে এগিয়ে গেলেন অনেকটাই, নিঃসন্দেহে।
No comments