• Breaking News

    হতাশা আবার! শুটঅফে চাপের মুখে বিদায় দীপিকাদেরও

    রাইট স্পোর্টস ডেস্ক

    deepika

    চাপের মুখে ভেঙে পড়লেন ভারতীয় মহিলা তীরন্দাজরা। বিদায় নিতে হল তাই কোয়ার্টার ফাইনাল থেকেই। কাছে এসেও অধরা থেকে গেল সেমিফাইনালের স্বপ্ন।

    রাশিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে প্রথম সেটে ৪৮-৫৫ হেরে গিয়েছিলেন ভারতীয়রা। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় সেটে ঘুরে দাঁড়ান, ৫৩-৫২ ও ৫৩-৫১ জিতে। কিন্তু শেষ সেট আবার হেরে যান ৫৪-৫৫ পয়েন্টে। এখানে শেষ তীরে দশে দশ পেলে দীপিকা কুমারী নিয়ে যেতে পারতেন ভারতকে সেমিফাইনালে। কিন্তু দীপিকা ৯ পেলেন। ফলে শুটঅফ।

    তীরন্দাজিতে শুটঅফ আর ফুটবলের টাইব্রেকার একই রকম। শুধু, তীরন্দাজিতে প্রত্যেক তীরন্দাজ একটি করে তীর মারার সুযোগ পান। রাশিয়া শুরু করেছিল ১০ মেরে। বোম্বাইলা দেবী, এই কোয়ার্টার ফাইনালে বারবার দুর্দান্ত শুরু দিয়ে গেলেও এখানে পারলেন না। শুট্অফে তাঁর তীর থেকে ভারত পেল ৭! ম্যাচ ওখানেই ঢলে পড়েছিল রাশিয়ার দিকে। কিন্তু রাশিয়ার তীরন্দাজ আরও খারাপ করেন চাপের মুখে। মাত্র ৬ পয়েন্ট এনে দিতে পেরেছিলেন। লক্ষ্মীরানি দেবীর কাছেও সুযোগ পেল, ব্যবধান কমানোর, খুব কাছাকাছি চলে আসার। কিন্তু লক্ষ্মীরানি মারেন ৮। তিনি ৯ মারলেও স্কোর সমান-সমান হয়ে যেত, ১৬-১৬। কিন্তু দ্বিতীয় শটের পর স্কোর দাঁড়ায় রাশিয়ার অনুকূলে ১৬-১৫।

    শেষ শটে রুশ তীরন্দাজের পয়েন্ট ৯। ফলে দীপিকাকে ১০ করতে হত, স্কোর সমান-সামন করার জন্য শুধু নয়, জেতার জন্যও। কারণ রাশিয়ার সবচেয়ে কম স্কোর ছিল ৬, ভারতের ৭। ১০ মানে জয়, এই পরিস্থিতিতে দীপিকার কাছে পাওয়া গেল ৮! ফলে ২৩-২৫ হেরে বিদায় নিতে হল ভারতীয়দের। হতাশা বাড়ল আরও। ব্যক্তিগত ইভেন্ট থেকে আগেই বিদায় নিয়েছিলেন দীপিকা-লক্ষ্মীরানি-বোম্বাইলা। এখন একমাত্র অতনু দাস থেকে গেলেন পুরুষদের তীরন্দাজিতে।

    No comments