• Breaking News

    দংয়ের পেনাল্টি মিস, জিতে শীর্ষে ইস্টবেঙ্গল

    ইস্টবেঙ্গল ২ পিয়ারলেস ০

    রাহুল ভেকে ১৮, অর্ণব ৩০

    রাইট স্পোর্টস ডেস্ক

    east-bengal-logo

    কলকাতা লিগে দু’ম্যাচ পরই শীর্ষে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। গত ছ’বছরের চ্যাম্পিয়নরা দ্বিতীয় ম্যাচে হারাল পিয়ারলেসকে, ২-০ ব্যবধানে। উঠে এল শীর্ষে।

    দুটি গোলই সেট পিস থেকে। দুবারই কর্নার করেছিলেন মেহতাব হোসেন। প্রথমে রাহুল ভেকের হেড থেকে গোল। দ্বিতীয়বার হেড অর্ণব মন্ডলের। দুই ডিফেন্ডার গোলে পেলেন। স্ট্রাইকাররা সেখানে বেশ কয়েকবার সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ। কিন্তু যতক্ষণ গোল পাওয়া যাচ্ছে, আপাতত এই ম্যাচের জন্য চিন্তামুক্ত ট্রেভর জেমস মর্গ্যান।

    তৃতীয় গোলও হতেই পারত। ম্যাচের ৩২ মিনিটে, ইস্টবেঙ্গল দ্বিতীয় গোল পাওয়ার ঠিক পরেই, বক্সের মধ্যে দং-কে ফেলে দিয়েছিলেন পিয়ারলেসের অখিল। রেফারি অনিমেষ বিশ্বাস পেনাল্টির সিদ্ধান্ত নিতে এবং অখিলকে হলুদ কার্ড দেখাতে দ্বিধা করেননি। গতবারের কলকাতা লিগে ইস্টবেঙ্গলের সেরা বাজি দং-ই এগিয়ে গিয়েছিলেন পেনাল্টি নিতে। কিন্তু তাঁর পেনাল্টি বাঁচিয়ে দেন পিয়ারলেসের গোলরক্ষক শঙ্কর। ফিরতি বলেও শট নিয়েছিলেন, কিন্তু বাইরে যায়। ফলে, দুটি ম্যাচ হয়ে যাওয়ার পর এখনও গোল পেলেন না দং।

    প্রথম ম্যাচের পরই মর্গ্যান বলেছিলেন, চিন্তায় আছেন রক্ষণ নিয়ে। দ্বিতীয় ম্যাচে অর্ণব ফিরলেন ডিপ ডিফেন্সে। বিদেশি অ্যাঙ্গাস মাঠে আসেন দো দং-এর জায়গায় ৭২ মিনিটে। আদেলেজা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন মাঠে, গোলের সুযোগও পেয়েছিলেন, তবে ততটা প্রভাব রাখতে পারেননি ম্যাচে। ইস্টবেঙ্গলও পুরোপুরি ছন্দে নয় এখনও। তবে, মরসুম সবে শুরু হয়েছে। মাত্র দুটি ম্যাচ খেলেছে দল। সময় তো লাগবেই। প্রথম ম্যাচের তুলনায় সামান্য হলেও ভাল দেখিয়েছে, মর্গ্যানের কাছে যা সুখবর।

    দু’ম্যাচে এখন ৬ পয়েন্ট ইস্টবেঙ্গলের। প্রথম ম্যাচে হারিয়েছিল ভবানীপুরকে। পিয়ারলেস, সাদার্ন সমিতি এবং টালিগঞ্জ আছে দ্বিতীয় স্থানে, ৪ পয়েন্ট করে পেয়ে। মোহনবাগান, মহমেডান ও আর্মি একাদশের পয়েন্ট তিন। তবে, মোহনবাগান এবং মহমেডান খেলেছে একটি করেই ম্যাচ। পরের ম্যাচেই পাল্টে যেতে পারে অবস্থান!

    No comments