• Breaking News

    ৩ ছয়ে ১৮, শীর্ষেই ইস্টবেঙ্গল

    ইস্টবেঙ্গল ২       সাদার্ন সমিতি ১


    (জিতেন ৩৫, দং ৪৫+১ পেনাল্টি)       (বসন্ত ৭)


     

    রাইট স্পোর্টস ডেস্ক

    east-bengal-logo

    টানা সাতবার কলকাতা লিগজয়ের রেকর্ড গড়তে ইস্টবেঙ্গলের এখন রইল বাকি চার! ছয় খেলে ১৮। বাকি চার ম্যাচে আরও ১২ তুলে নিতে পারলে মেহতাবদের আর রুখবে কে?

    কিন্তু, ব্যাপারটা অত সহজ নয়। এই ‘রইল বাকি চার’-এর মধ্যে মোহনবাগান ও মহমেডান স্পোর্টিং আছে। তবু, ভবিষ্যৎ যা-ই হোক, আপাতত ষষ্ঠ ম্যাচ থেকে পুরো পয়েন্ট এল লাল-হলুদ ঘরে। ১৮ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে। সোমবার নিজেদের ষষ্ঠ ম্যাচ জিতলেও মোহনবাগান থাকবে দু-পয়েন্ট পেছনে।

    জয় এল, সাত মিনিটে পিছিয়ে পড়েও। ইস্টবেঙ্গল এবার গোল খাচ্ছে নিয়মিত। সব দলের বিরুদ্ধেই প্রায়! ৬ ম্যাচে ১৩ গোল করে খেয়েছে ৬ গোল। অঙ্কের হিসাবে গড়ে প্রতি ম্যাচে একটা! অর্থাৎ, রক্ষণ নিয়ে সমস্যা আছে। আপাতত গোল পেয়ে যাওয়ায় সামাল দেওয়া যাচ্ছে। মেহতাব কর্নার করছেন আর কেউ না কেউ সেই তোলা-বলে হেড করে গোল পাচ্ছেন। সাদার্নের বিরুদ্ধে যেমন পেলেন জিতেন মুর্মু, এবার কলকাতা লিগে তাঁর তৃতীয় গোল। আবার, ইস্টবেঙ্গলের গোল-খাওয়াও ভাবুন। কর্নার ছিল না, কিন্তু বসন্তের গোলটাও হেডে, বক্সের মধ্যে ভেসে-আসা বলে। ঠিক সময়ে লাফিয়েছিলেন বসন্ত, ইস্টবেঙ্গলের দুজন ফুটবলারের মাথার ওপর উঠে হেডে ঠিক জায়গায় রেখে গিয়েছিলেন।

    প্রথমার্ধের শেষে ইনজুরি টাইমে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। বিকাশ জাইরুর শট বক্সের মধ্যে হাতে লাগিয়ে ফেলেছিলেন নগেন, রেফারি অজিত দত্ত পেনাল্টির নির্দেশ দেন। এগিয়ে এসেছিলেন দো দং। এই মরসুমে নিজের দ্বিতীয় গোলটি পেলেন, পেনাল্টি থেকেই। দ্বিতীয়ার্ধেও প্রাধান্য ছিল ইস্টবেঙ্গলের, কিন্তু সাদার্নের গোলরক্ষক সৌরভ বেশ ভাল খেললেন, দায়িত্ব নিয়ে ব্যবধান বাড়তে দেননি।

    মোহনবাগানের বিরুদ্ধে আগামী ৭ সেপ্টেম্বর কল্যাণীতে বড় ম্যাচের আগে ইস্টবেঙ্গলকে খেলতে হবে জর্জ টেলিগ্রাফ ম্যাচ, যেখানে প্রথম এগারর পাঁচজন ফুটবলারকে পাওয়া যাবে না। সেই ম্যাচে পয়েন্ট হারালে তার প্রভাব বড় ম্যাচে পড়বেই না, কে বলতে পারে? তাই, ম্যাচের সেরা মেহতাব বলে দিলেন, ‘ভাবনায় এখন শুধুই পরের ম্যাচ। বড় ম্যাচ নিয়ে ভাবনা শুরু ওই ম্যাচের পর।’

    No comments