আজ জন্মদিনে রিওতে ‘গৃহবন্দি’ দীপা কর্মকার
২৩ বছরে পা দিলেন প্রবাসী বাঙালি
রাইট স্পোর্টস ডেস্ক
ভারতীয় জিমন্যাস্টিকসের ইতিহাসে হইচই ফেলে দিয়েছেন যিনি, অলিম্পিকে ভল্টের ফাইনালে উঠে। সেই দীপা কর্মকার মঙ্গলবার পা দিলেন ২৩ বছরে।
রিওর গেমসে ভিলেজে কী ভাবে জন্মদিন সেলিব্রেট করবেন বাঙালি অ্যাথলিট? রিওতে পুরো দিনটাই ‘গৃহবন্দি’ থাকবেন দীপা। এমনকি, মোবাইলটাও থাকবে না তাঁর হাতে!
জিমন্যাস্টিকসে প্রাথমিক রাউন্ডের পর ভল্ট ফাইনালে ওঠা দীপাকে নিয়ে সারা দেশে ব্যাপক আলোড়ন। ১৪ অগাস্ট ফাইনাল। তার আগে সব কিছু থেকে তাঁকে সরিয়ে রাখছেন দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী। তিনি সাফ বলে দিয়েছেন, ‘ওকে সব কিছু থেকে সরিয়ে রাখা, ফোকাসড রাখা দরকার। সেই যা যা করার দরকার আমি করব।’
দীপার কাছ থেকে মোবাইল ফোন নিয়ে নিয়েছেন তাঁর কোচ। গেমস ভিলেজে ঘরের বাইরে যেতে দিচ্ছেন না তাঁকে। বিশ্বেশ্বর বলেছেন, ‘ওকে নিয়ে একটা ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। সেটাই স্বাভাবিক। কিন্তু ফাইনালে ওঠাটাই তো শেষ নয়। আরও এগোতে হবে। আর সেটা যদি করতে হয়, ওকে সব কিছু থেকে দূরে রাখতে হবে। বাবা-মা ছাড়া কাউকে ওর সঙ্গে কথা বলতে দিচ্ছি না।’
এমনিতে দীপা অনেকটাই মুখচোরা। বন্ধুও সে ভাবে নেই। প্রথম বার অলিম্পিকে নামা বাঙালি জিমন্যাস্ট যাতে সম্পূর্ণ আবেগবর্জিত ফোকাসড থাকতে পারেন, সেই কারণেই কড়া হচ্ছেন বিশ্বেশ্বর। আর তাই জন্মদিনে ২৩তম সেলিব্রেশনে মেতে ওঠা নয়, রিও গেমস ভিলেজে গৃহবন্দি থাকবেন ত্রিপুরার প্রবাসী বাঙালি দীপা কর্মকার।
No comments