কুম্বলে না শাস্ত্রী, বিরাটের মত চাইতে পারে ক্রিকেট কমিটি
রাইট স্পোর্টস ডেস্ক
ঘটনা কুম্বলে না শাস্ত্রী, বিরাটের মত চাইতে পারে ক্রিকেট কমিটি
যে ভাবে ঘনাচ্ছে, তাতে ভারতীয় কোচ হওয়ার দৌড়ে প্রবল ভাবে এগিয়ে অনিল কুম্বলেই। মঙ্গলবারের বিসিসিআইয়ের ক্রিকেট কমিটির সভার পর সেই দিকেই অনেকটা ঝুঁকে রয়েছে পরিস্থিতি।
রবি শাস্ত্রী কি তবে লড়াইয়ে একেবারেই নেই? না, তাও বলা যাচ্ছে না। বরং বোর্ডের একটি সূত্র জানাচ্ছে, কোচ হিসেবে কাকে চান, তা জানতে চাওয়া হবে বিরাট কোহলিকে। ভারতের টেস্ট ক্যাপ্টেনের মতামত অনেকটাই গুরুত্ব পাবে এ ক্ষেত্রে।
সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণের কমিটি আলোচনায় বসে ধোনি-বিরাটদের নতুন কোচ ঠিক করতে। কলকাতার সিটি হোটেলের কনফারেন্স রুমে সৌরভ-লক্ষ্মণের সঙ্গে স্কাইপেতে আলোচনায় হাজির ছিলেন সচিন তেন্ডুলকরও। ২৪ জুন ধরমশালায় বোর্ডের ওয়ার্কিং কমিটির মিটিং। তাতেই নতুন কোচের নাম ঘোষণা কররার কথা। তবে শোনা যাচ্ছে, সচিন-সৌরভদের অনুমোদিত নতুন কোচের নাম আজই জানিয়ে দিতে পারে বোর্ড।
৫৭ থেকে আবেদনকারী ২১ জন কোচকে বেছে নেওয়া হয়েছিল আগেই। সেই তালিকা থেকে এ দিনের সভায় সাত জন কোচকে বেছে নিয়ে তাদের ইন্টারভিউ নেওয়া হয়। যাদের মধ্যে রয়েছেন অনিল কুম্বলে, রবি শাস্ত্রীর মতো হাইপ্রোফাইল ক্রিকেটার। বিদেশি কোচেদের মধ্যে ইন্টারভিউ দিয়েছেন টম মুডি, স্টুয়ার্ট ল, অ্যান্ডি মোলসরা। ভারতীয় কোচেদের মধ্যে লালচাঁদ রাজপুত ও প্রবীণ আমরে। সিলেকশন কমিটির চেয়ারম্যান সন্দীপ পাটিল কোচ হওয়ার জন্য আবেদন করলেও তাঁকে ইন্টারভিউয়ের জন্য ডাকেনি ক্রিকেট কমিটি।
সাত কোচের মধ্যে অনিল কুম্বলের কোচ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ভারতীয় টিমে এক সময়ের তিন সতীর্থই প্রাক্তন লেগস্পিনারের ক্রিকেট বোধ সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। শুধু তাই নয়, এ দিন সভাতে হাজির হয়ে যে ভাবে ভারতীয় টিমকে সাফল্য দেওয়ার নীলনকশা তুলে ধরেছেন কুম্বলে, তাতে তিন সদস্যই সন্তুষ্ট। প্রশ্ন একটাই, কখনও কোচিং করাননি কুম্বলে। তাতেও খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না বোর্ড কর্তারা। তাঁরা বরং বলছেন, আইপিএলে মেন্টরের কাজটা কোচের মতোই।
ইন্টারভিউ দেওয়া বাকি ছয় আবেদনকারী কোচ মুখ না খুললেও প্রবীণ আমরের কাছে পুরো ব্যাপারটা ‘লার্নিং এক্সপেরিয়েন্স’। বলেছেন, ‘আমার কাছে জানতে চাওয়া হয়েছিল, কী ভাবে সব ফর্ম্যাটে ভারতকে এক নম্বরে নিয়ে যাব। অনেক কিছু শিখলাম।’
ডানকান ফ্লেচারকে সরিয়ে দেওয়ার পর ভারতীয় টিমের চিফ কোচের পদ ফাঁকা। টিম ডিরেক্টর হিসেবে এত দিন কাজ চালাচ্ছিলেন রবি শাস্ত্রী। কুম্বলে হয়তো সেই সাম্রাজ্যে ঢুকে পড়তে চলেছেন!
No comments