• Breaking News

    ডেম্পসি ও আমেরিকার অবাক উত্তরণ

    8f7e4d03-7ff9-425d-a737-e0aabc7d1e78আমেরিকা-২ ‌: ইকুয়েডর-১
    (ডেম্পসি ২২’, জার্ডেস ৬৫’) (আরোয় ৭৪’)
    ডেস্ক রিপোর্টার
    মাস ছয়েক আগেও মনে হচ্ছিল, ৩৩ বছরের ফুটবলারের কেরিয়ার দেশের জন্য শেষ। সেই তাঁরই অবাক প্রত্যাবর্তন দেখল লাতিন আমেরিকা। ক্লিন্ট ডেম্পসি একুশ বছর পর কোপা আমেরিকার শেষ চারে তুললেন যুক্তরাষ্ট্রকে। গোল করে ও করিয়ে।
    দেশের সবচেয়ে বড় ম্যাচে কোপা সেন্টেনারির আয়োজক আমেরিকা ২-১ হারাল ইকুয়েডরকে। ২২ মিনিটে টিমকে এগিয়ে দেন ডেম্পসি। বিরতির পর ৬৫ মিনিটে ডেম্পসির ক্রস থেকে জার্ডেসের হেডে ২-০। কিছু পরে আবার ইকুয়েডরের আরোয় দুরন্ত গোলে ১-২ করেন। কিন্তু বাকি ২৬ মিনিট ডিফেন্সের দরজা বন্ধ করে ম্যাচ জিতে নেন যুরগেন ক্লিন্সম্যান।
    ম্যাচের পর ক্লিন্সম্যান বলেছেন, ‘টিম দুর্দান্ত খেলেছে। শেষ মিনিট পর্যন্ত প্রতিটা প্লেয়ার লড়ে গেছে। এটাই আমার টিমের শক্তি। আমরা কোপায় অনেক দূর চলে এসেছি। এখান থেকে লোকে একটাই স্বপ্ন দেখে, চ্যাম্পিয়ন হওয়া। আপাতত ফাইনালের দিকে তাকিয়ে আছি আমরা।’
    ১৯৯৫ সালে সেমিফাইনালে কলম্বিয়ার কাছে ১-৪ হেরে গিয়েছিল আমেরিকা। ২১ বছর পর আবার কোপার ফাইনালে উঠে পুরো দেশ উৎসবে মত্ত। আট থেকে আশির কাছে সুপারস্টার হয়ে গিয়েছেন ডেম্পসি। কোপায় ৩টে গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসির সঙ্গে মার্কিন স্ট্রাইকারও। ক্লিন্সম্যান যাঁকে নিয়ে বলেছেন, ‘ও কেন টিমের স্পেশাল, সেটা ও দেখাল। শেষ ১৫টা দিন ও দুরন্ত ছন্দে রয়েছে।’
    ডেম্পসি নিজেও ভেসে গিয়েছেন উচ্ছ্বাসে। বলেছেন, ‘সারা দেশ একটা স্বপ্ন দেখছে, সেটা পূরণ করাই আমাদের কাজ। ম্যাচটা জেতার পর যখন দেখলাম, পুরো স্টেডিয়াম উৎসবে ডুবে গিয়েছে, তখন আমরা তৃপ্তি পেয়েছি।’
    আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচে যে জিতবে, তার সঙ্গে খেলবে সেমিফাইনালে খেলবে আমেরিকা। ডেম্পসি বলেছেন, ‘প্রতিপক্ষ যেই হোক না কেন, আমরা ফাইনালের ওঠা ছাড়া আর কিছু ভাবছি না।’

    No comments