আইটিএফকে চ্যালেঞ্জ করে আদালতে শারাপোভা
ডেস্ক রিপোর্টার
আগেই ঘোষণা করে দিয়েছিলেন, ২ বছরের নির্বাসনের বিরুদ্ধে আদালতে যাবেন। সেই মতো কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস বা সর্বোচ্চ ক্রীড়া আদালতের কাছে শাস্তি তোলার আবেদন জানালেন মারিয়া শারাপোভা। এ দিনই তাঁর আইনজীবীরা শারাপোভার পক্ষে এই আবেদন জানিয়েছেন আদালতের কাছে। এর প্রথম শুনানি ১৮ জুলাই।
রাশিয়ান টেনিস সুন্দরীর আইনজীবীদের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, শারাপোভার উপর থেকে যাতে পুরো নির্বাসন তোলা যায় বা মেয়াদ কমানো যায়, তার জন্যই আবেদন করা হয়েছে। ওঁর মতো জনপ্রিয় টেনিস প্লেয়ার কখনই এমন কিছু করেননি যার জন্য এমন শাস্তি দেওয়া যেতে পারে।’
মেলডোনিয়াম নেওয়ার অপরাধে শারাপোভাকে ২ বছরের জন্য সব ধরনের টেনিস থেকে সাসপেন্ড করেছে আন্তর্জাতিক টেনিস সংস্থা। কিন্তু যে নিরেপেক্ষ ট্রাইবুনাল এই সিদ্ধান্ত জানিয়েছিল, তারা আবার একই সঙ্গে এও বলেছিল, ইচ্ছাকৃত ভাবে মাশা ওই ড্রাগ নিতেন না। যার ফলে শারাপোভার ভক্তকুল মনে করছে, সর্বোচ্চ ক্রীড়া আদালতের সহানুভূতি পাবেন তিনি।
২ বছরের জন্য সাসপেন্ড করার পর শারাপোভা বলেছিলেন, ‘ডোপ টেস্টের সময় থেকে বারবার বলে আসছি, কেন আমি ওই ড্রাগ নিতাম। আমার পরিবারে হৃদরোগের সমস্যা আছে। সেখান থেকে নিজেকে বাঁচাতে ওই ড্রাগ নিতাম। তা ছাড়া ওই ড্রাগ যে তালিকার বাইরে তাও আমার জানা ছিল না।‘ একই সঙ্গে তিনি বলেছেন, ‘টেনিস সংস্থা যে সিদ্ধান্ত জানিয়েছে, তা আমি মানছি না। আদালতে যাব এর বিরুদ্ধে।’
সর্বোচ্চ ক্রীড়া আদালত কী বলে, সে দিকেই তাকিয়ে মাশা ও তাঁর ভক্তরা।
No comments