পর্তুগাল-১ : আইসল্যান্ড-১
(নানি ৩১’) (বার্নসন ৫০’)
[caption id="attachment_101" align="alignleft" width="300"]
অভীক রায়
চ্যাম্পিয়ন্স লিগ আছে। আছে মরসুমে পঞ্চাশের উপর গোল। ফোর্বসের বিচারে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার তিনি। ফেসবুক-টুইটারে জনপ্রিয়তার এভারেস্টে।
এ সব প্রাপ্তি শুধুই ক্লাব ফুটবলে। দেশের হয়ে নামলে যে কী হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর!
ইউরো কাপের প্রথম ম্যাচে আইসল্যান্ডের কাছে আটকে গেল পর্তুগাল। নানির গোলে ১-০ এগিয়ে গিয়েও। বিরতির পর বার্নসন ১-১ করেন। সেই গোল আর শোধ করতে পারল না রোনাল্ডোর টিম। ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ লিগ থেকেই ছুটি হয়ে গিয়েছিল পর্তুগালের। ইউরোর শুরুতেই ধাক্কাটা কিন্তু সামলাতে পারবেন তো রোনাল্ডো?
একই প্রজন্মের দুই সেরা ফুটবলার দুই গোলার্ধ ফুটবলে ব্যস্ত। মেসি আগেই নেমেছেন কোপা সেন্টেনারিও খেলতে। হ্যাটট্রিক করে টিমকে পৌঁছে দিয়েছেন কোয়ার্টারে। সেখানে রোনাল্ডো কিছুই করতে পারলেন না ইউরো কাপের প্রথম ম্যাচে। সারা ম্যাচে তিন বার গোলের মুখে পৌঁছে গিয়েছিলেন সিআর সেভেন। এক বার ভলিটা কানেক্ট করতে পারলেন না। দ্বিতীয় বার গোলের উপর দিয়ে মারলেন। আর তৃতীয় বার হেডটা সরাসরি প্রতিপক্ষ কিপারের হাতে জমা করলেন রোনাল্ডো। ১০টা গোলমুখী শট ছিল তাঁর। ছ’টা আটকে গিয়েছে প্রতিপক্ষ ডিফেন্ডারদের পায়ে। তিনটে বাইরে গিয়েছে। ম্যাচের পর তাঁকে আবার দেখা গেল রেফারিকে অভিযোগ জানাচ্ছেন।
প্রথম বার ইউরো কাপ খেলতে নামা আইসল্যান্ড কিন্তু মন ভরিয়ে দিল। নেদারল্যান্ডের মতো টিমকে ছুটি করে ইউরোপের সেরা টুর্নামেন্টে খেলতে নেমেছে তারা। শুরু থেকে চোখে পড়ল ব্যালান্সড ফুটবল। ডিফেন্সিভ অর্গানাইজেশন যেমন সাজানো, তেমনই চমক কাউন্টার অ্যাটাকে। ৫০ মিনিটে বার্নসনের ভলিতে করা গোলটা সুযোগ সন্ধানী এবং দৃষ্টিনন্দন।
১-১ হওয়ার পর পর্তুগাল গোল পেতে পারত। এমনকি, রোনাল্ডো নিজেই জেতাতে পারতেন টিমকে। সুযোগ নষ্ট তাঁর। সুযোগ নষ্ট বাকিদের। রোনাল্ডোর পর্তুগালের আঁধার রাতে আইসল্যান্ড ফুটবলের সূর্যোদয়!
No comments:
Post a Comment