হ্যাজার্ডদের হেলায় হারাল ইতালি! | কাশীনাথ ভট্টাচার্য
জুন মাস এলেই আন্তর্জাতিক ফুটবলে হাতে-গোনা কিছু দেশের কী-যেন হয়ে যায় । বোঝাতে শুরু করে, কেন তারা সত্যি সত্যিই বড়!
এই তালিকায় কিছু দিন আগেও ব্রাজিল ছিল। দুঙ্গা-জমানায় যা নেই আর। কিন্তু কন্তে-জমানায় আছে ইতালি, বিরাটভাবেই। ইউরো শুরুর আগে অধিকাংশ বিশেষজ্ঞ তাদের ছুড়ে ফেলে দিয়েছিল খরচের খাতায়। প্রতিযোগিতা শুরু হওয়ার পর দেখা গেল, ইতালি আছে ইতালিতেই। বিশেষজ্ঞরা পথ খুঁজে পাচ্ছেন না পালানোর!
জিয়াক্কেরিনি আর পেল্লের গোলে বেলজিয়ামকে হারানো নয়, যেভাবে হারাল ইতালি সেই খেলার ধরনকেই ভয় পায় ফুটবল দুনিয়া। বেলজিয়াম এই মুহূর্তে র্যাঙ্কিংয়ের দিক দিয়ে ইউরোপের সেরা। ফিফা বলছে, আর্জেন্তিনা এক, বেলজিয়াম দুই। দলে অজস্র প্রতিভা যাঁদের বেশিরভাগই খেলেন ইংল্যান্ডে। হয়ত এই কারণেই প্রচার অনেক বেশি হ্যাজার্ড-ডে ব্রুইনদের। কিন্তু, ইংরেজ প্রচারমাধ্যমের প্রশংসা আর জুন মাসে দেশের হয়ে বড় প্রতিযোগিতায় দুর্দান্ত খেলা, দুটোকে এক করে ফেলা নিতান্ত সহজ কাজ নয়, একেবারেই!
কন্তের জুভেন্তাস ছিল। ফুটবলার হিসাবে, কোচ হিসাবে। এমনিতেই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ইতালির সাফলষের সঙ্গে বিতর্ক সরাসরি জড়িত। সে ১৯৮২ সালে পাওলো রোসিই হোন বা ২০০৬ বিশ্বকাপের কালসিওপোলি কেলেঙ্কারি। ইতালির এখনকার কোচ কন্তেও জড়িয়েছিলেন ম্যাচ গড়াপেটা বিতর্কে, যখন তিনি সিয়েনার কোচ হিসাবে কাজ করছিলেন সিরি বি-তে। দশ মাসের জন্য নির্বাসিতও হন। যদিও, পরে আদালতের রায়ে বেকসুর খালাস। জুভেন্তাসকে ফুটবলার হিসাবে চ্যাম্পিয়ন্স লিগ দিয়েছিলেন, পরে কোচ হিসাবে টানা তিনবার সিরি আ খেতাব। কিন্তু, এই সবের চেয়ে যা বড়, কোচ হিসাবে তাঁর ভাবনা। ৩-৫-২ ছকে জুভেন্তাসের সঙ্গে ইতালিকেও এখন সমার্থক করে তুলেছেন।
কন্তের ইতালি এখনও জুভেন্তাস-পন্থী। গোলে বুফোঁসহ তিন ডিফেন্ডারই জুভে-র। বরজাগলি, বোনুচ্চি আর কিয়েলিনি। রক্ষণকে তাঁরা নির্ভরতা দেন। আর পাঁচ মিডফিল্ডার রাজত্ব করেন মাঝমাঠে। যে হ্যাজার্ড-ফেলাইনি-নাইনগোলানের ওপর আশা ছিল ইংরেজ প্রচারমাধ্যমের যে, ইতালি-শাসন করবেন, বাস্তবে দেখা গেল পুরোই উল্টো। তুলনায় কমবয়সীদের ওপর হাসতে হাসতেই রাজত্ব চালাল ইতালি। ম্যাচে এক-দুবার বেলজিয়াম চাপ বাড়িয়েছিল, বুফোঁরা সেই চাপ সহজেই সামলে দেন। আর, দুটি গোলই ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছে যাওয়ার ফল। একটা লম্বা পাস, অন্যটা নিখুঁত সাজিয়ে দেওয়া বল। যথাক্রমে জিয়াক্কেরিনি আর পেল্লে, নিজেদের কাজটা ঠিকঠাক করলেন। ফিফা র্যাঙ্কিংয়ে দু’নম্বরে থাকা দলকে দু’গোল দিয়ে ইউরো অভিযান শুরু করল ইতালি, অনেক বেশি কর্তৃত্ব নিয়ে!
No comments