• Breaking News

    ইস্টবেঙ্গল-মহমেডানের বিরুদ্ধে কলকাতা লিগে না-খেলার সিদ্ধান্ত মোহনবাগানের!

    রাইটস্পোর্টস ডেস্ক

    mb logo f

    মোহনবাগানে এখন হঠাৎ-বিদ্রোহ। পরিষ্কার জানিয়ে দেওয়া হল, কলকাতা লিগে কোনও প্রদর্শনী ম্যাচ খেলবে না মোহনবাগান। কলকাতা লিগে প্রদর্শনী ম্যাচ দুটো। ইস্টবেঙ্গল আর মহমেডানের বিরুদ্ধে। সাদা বাংলায়, বাকি দুই প্রধানের বিরুদ্ধে খেলবে না মোহনবাগান। কারণ? টিকিট বিক্রি থেকে পাওয়া লভ্যাংশের ভাগ আইএফএ দেয় না ক্লাবগুলোকে। দেয় না টিভি স্বত্ব থেকে পাওয়া লাভের অংশও। সেই সিদ্ধান্তের প্রতিবাদে। কলকাতা লিগে খেলবে মোহনবাগান, কিন্তু প্রদর্শনী ম্যাচে নয়!

    কলকাতা লিগকে সত্যিই গুরুত্বহীন মনে করাতে আরও বেশ কিছু সিদ্ধান্ত নিল ফেডারেশন কাপজয়ী মোহনবাগান। শুধুই আকাদেমির ফুটবলার এবং রিজার্ভ বেঞ্চ দিয়ে কাজ চালানোর সিদ্ধান্ত যাদের অন্যতম। আই লিগের জন্য সম্পূর্ণ আলাদা দল এবং প্রস্তুতি। গোটা মরসুম একই দল বয়ে বেড়ানোর ঝক্কিতে আর তাঁরা নেই, পরিষ্কার কর্তাদের সিদ্ধান্তে।

    বুধবার সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হল। এক ঝলকে –

    এক) কলকাতা লিগের সব ম্যাচে মোহনবাগানের দায়িত্বে কোচ হিসাবে থাকবেন শঙ্করলাল চক্রবর্তী। সঞ্জয় সেন আসবেন আই লিগের আগে যখন দলের সব ফুটবলারকে একসঙ্গে হাতে পাবেন।

    দুই) কলকাতা লিগের জন্য তিন বিদেশিকে সই করানো হবে আলাদাভাবে। এবং কলকাতা লিগে চেষ্টা করা হবে শুধুই আকাদেমির ফুটবলার খেলানোর। নিজেদের আকাদেমিরই শুধু নয়, অন্যান্য ক্লাবের আকাদেমির ফুটবলারদেরও খেলানো যেতে পারে।

    তিন) কলকাতা লিগের সব খেলা মোহনবাগান খেলবে নিজেদের মাঠে, নৈশালোকে।

    চার) লিগের জন্য অনুশীলন শুরু হবে ৬ জুলাই। তার আগেই বেছে নেওয়া হবে তিন বিদেশি।

    পাঁচ) স্পনসরশিপ নিয়ে মোহনবাগান পরিচালন সমিতি একেবারেই ভাবিত নয়। কথা চলছে, চলবে। আই লিগের আগে সব চূড়ান্ত করে ফেলা হবে। স্পনসররাও তেমনভাবেই ভাবতে চাইছে।

    No comments