সৌরভরাই বেছে নেবেন বিরাটদের নতুন কোচকে
রাইটস্পোর্টস ডেস্ক
আবেদন জানিয়েছিলেন ৫৭ জন। মাত্র ২১ জন পেরিয়েছেন প্রাথমিক পর্ব। এবার, ২১ থেকে এক হওয়ার লড়াই। আর, সেই লড়াইয়ের বিচারক তিনমূর্তি। সৌরভ গাঙ্গুলি, শচীন তেন্ডুলকার ও ভিভিএস লক্ষ্মণ! ক্রিকেট উপদেষ্টা কমিটির সঙ্গে চিফ কো-অর্ডিনেটর হিসাবে থাকবেন সঞ্জয় জাগদালে, বোর্ডের প্রাক্তন সচিব, জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
কী কাজ করবেন সৌরভ-শচীন-লক্ষ্মণরা? বোর্ড জানিয়েছে, এই ২১ জনের সাক্ষাৎকার নেবেন তাঁরা। কথা বলবেন প্রত্যেকের সঙ্গে। চাইলে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনও দেখতে চাইতে পারেন। শুধু তাই-ই নয়, কমিটি চাইলে ৫৭টি আবেদনপত্রই আবার দেখতে পারে। তাঁরা যদি চান, বোর্ড সেই সব আবেদনপত্র তাঁদের সামনে হাজির করে দেবে। আর, তূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছলে, কমিটির কাজ হবে সেই সিদ্ধান্ত বোর্ডের সচিবকে জানিয়ে দেওয়া, যিনি আবার সেই সিদ্ধান্তের কথা জানাবেন বোর্ড সভাপতিকে। ২২ জুনের মধ্যে এই সিদ্ধান্তের কথা জানাবে কমিটি, সচিব অজয় শিরকে-কে। তারপর, ২৪ জুন, চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে বোর্ড।
ভারচতের জাতীয় ক্রিকে দলের দায়িত্ব ডানকান ফ্লেচার ছেড়ে গিয়েছিলেন ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে বিদায় নেওয়ার পর। কাজ চালিয়ে যাচ্ছিলেন রবি শাস্ত্রী, ‘কেয়ারটেকার’ কোচ হিসাবে। এবার নতুন করে পূর্ণ সময়ের জন্য কোচ হতে চেয়েও আবেদন জানিয়েছেন তিনি। ভারতের আরও যে প্রাক্তনরা আবেদন জানিয়েছেন – সন্দীপ পাটিল, অনিল কুম্বলে, বেঙ্কটেশ প্রসাদ। তাঁদের সবারই ভাগ্য এখন সৌরভ-শচীন-লক্ষ্মণের হাতে! এমনকি সেই সন্দীপ পাটিলেরও, ইংল্যান্ডে প্রথমবার জাতীয় দলের হয়ে যাওয়ার সময় নির্বাচক হিসাবে যাঁর সাহায্য একেবারেই পাননি সৌরভ!
No comments