গোলাপি বলের প্রথম ম্যাচেও জয়, ঘরোয়া ক্রিকেটে ত্রিমুকুট মোহনবাগানের
রাইট স্পোর্টস ডেস্ক
ইতিহাসের অংশ হয়েছিল আগেই। আবার নতুন ইতিহাস লিখল মোহনবাগান। কলকাতায় অনুষ্ঠিত প্রথম গোলাপি বলের ম্যাচে জিতে। একই সঙ্গে মরসুমে ত্রিমুকুট জিতল ক্রিকেটে। আগে এএন ঘোষ ট্রফি জিতেছিল কালীঘাটকে হারিয়ে। দ্বিতীয় ট্রফি জেসি মুখার্জি, ফাইনালে ছিল টালিগঞ্জ। এবার ঘরোয়া ক্রিকেটের তৃতীয় ট্রফি জিতলেন ঋদ্ধিমান সাহা-রা। ভবানীপুরকে সুপার লিগের ফাইনালে হারালেন ২৯৬ রানে। গোলাপি বলে ভারতের মাটিতে প্রথম চারদিনের ম্যাচে মোহনবাগানের জয়ের অন্যতম নায়ক মহম্মদ সামি। প্রথম ইনিংসে পাঁচ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও নিলেন দুটি উইকেট। তবে দ্বিতীয় ইনিংসে বিবেক সিং ভাঙলেন ভবানীপুরকে, ৩২ রানে ৫ উইকেট নিয়ে। চতুর্থ দিন ঘন্টাখানেকের বেশি গড়ায়নি খেলা। চোট সারিয়ে মাঠে ফিরেই ম্যাচের সেরা হয়ে সামি বার্তা দিয়ে রাখলেন জাতীয় নির্বাচকদরে যে, তিনি তৈরি টেস্ট দলে জায়গা ফিরে পেতে। সামনের মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চারটি টেস্ট ম্যাচ খেলবে ভারত। সামি জানিয়েছেন, এই ম্যাচে খেলতে এসেছিলেন, আদৌ লম্বা স্পেলে বল করতে পারছেন কিনা এবং পারলেও ছন্দে আছেন কিনা দেখতে। গোলাপি বল সম্পর্কে ভারতের টেস্ট ক্রিকেটার সামির বক্তব্য, ‘বেশ পছন্দই হল গোলাপি বল। চাইব আরও বেশি ম্যাচ খেলা হোক। সবচেয়ে ভাল ব্যাপার হল, প্রখর রোদে শুধু একটাই সেশন খেলা হয়, বলও করতে হয় ওই একটাই সেশনে তাই। বাকি সময়টা নৈশালোকে হওয়ায় বেশ সুবিধা বোলারদের। আলো জ্বললেই গোলাপি বলও শুরু করে কথা বলতে!’
সংক্ষিপ্ত স্কোর – মোহনবাগান ২৯৯ ও ৩৪৯, ভবানীপুর ১৫৫ ও ১৯৯
ম্যাচের সেরা – মহম্মদ সামি
No comments