কেরালা ব্লাস্টার্সের কোচ হলেন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার স্টিভ কপেল।
রাইট স্পোর্টস ডেস্ক
কথা চলছিল বেশ কিছু দিন ধরেই। এ বার সরকারি ভাবে ঘোষণাও হয়ে গেল। সচিন তেন্ডুলকরের ক্লাব কেরালা ব্লাস্টার্সের কোচ হলেন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার স্টিভ কপেল।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ৩২২টা ম্যাচ খেলেছেন। ইংল্যান্ডের হয়ে ৪২টা ম্যাচে ৭টা গোলও করেছেন। ষাট বছরের কপেলের সঙ্গে চুক্তি চূড়ান্ত করেন সচিনই। প্রায় বত্রিশ বছরের কোচিং কেরিয়ারে ম্যাঞ্চেস্টার সিটির মতো ক্লাবে কোচিং করিয়েছেন কপেল। অ্যানফিল্ডে অবশ্য প্রথম দিন থেকে প্রবল চাপের মধ্যেই ছিলেন তিনি। সিটির ইতিহাসে তিনিই সবচেয়ে কম সময়ের কোচ। ১৯৯৬ সালে মাত্র ছ’মাসের জন্য কোচ হয়েছিলেন তিনি।
স্টিভ কপেল দায়িত্ব নেওয়ার পর বলেছেন, ‘ভারতীয় ফুটবলকে তুলে ধরার জন্য আইএসএল যে ভূমিকা নিয়েছে, এক কথায় অনবদ্য। যে ফর্ম্যাটে খেলা হচ্ছে, তাতে ভারতীয় ফুটবলাররা বিদেশি ফুটবলারদের সঙ্গে খেলার সুযোগ পাচ্ছে। আরও বেশি করে মেলে ধরছে নিজেদের।’
রিডিং এফসিতে কোচিং করানোর সময় দু’বার প্রিমিয়ার লিগের ম্যানেজার অফ দ্য ইয়ার হয়েছিলেন কপেল। ২০১০ সালে ব্রিস্টল সিটিতে কোচিং করানোর পর থেকে আর মূলস্রোতে নেই। ক্রলি টাউন ও পোর্টসমাউথের জুনিয়র প্রোগ্রামের ডিরেক্টর ছিলেন। সেই তাঁকেই কোচিংয়ের মূলস্রোতে ফেরাল কেরালা ব্লাস্টার্স।
প্রথম বছর ফাইনালে উঠলেও গত বছর আইএসএলে কার্যত কিছুই করতে পারেনি কেরালা। সেই কারণেই কপেলের মতো অভিজ্ঞ লোককে কোচ করে আনা হল। কপেলের কথায়, ‘কেরালার একটা ফুটবল ঐতিহ্য রয়েছে। সেটা কাজে লাগাতে চাই। সেই সঙ্গে ফুটবলারদের একটা অন্য রকম পরিবেশ দিতে চাই।’
No comments