১৩ বছর পর আবার মহামেডানে ফিরলেন ওডাফা
রাইট স্পোর্টস
তিন বছর পর আবার কলকাতা ফিরছেন ওডাফা ওনিয়েকা ওকোলি। যে ক্লাব থেকে শুরু করেছিলেন ভারতে তাঁর ফুটবল জীবন, আগামী মরসুমে খেলবেন সেই মহামেডানেই!
বছর তিনেক আগে ভারতীয় সেরা বিদেশি ছিলেন ওডাফা। সবচেয়ে দামীও। চার্চিল ব্রাদার্সকে ২০১০-১১ মরসুমে আই লিগ চ্যাম্পিয়ন করার পর মোহনবাগানে সই করেন। সে বার এক কোটি টাকা দাম উঠেছিল তাঁর। তিন বছর খেলার পর আবার ফিরে যান গোয়ায়। সই করেন চার্চিলে। সেখান থেকে লোনে যান স্পোর্টিং ক্লুব দ্য গোয়ায়। আই লিগের ওডাফা তিন বারের হাইয়েস্ট স্কোরার। র্যান্টি মার্টিন্সের পরেই তাঁর গোল সংখ্যা।
পুরোনো শহরে আবার ফিরতে চললেও ওডাফার কলকাতা-স্মৃতি মোটেও ভাল নয়। সবুজ-মেরুন জার্সিতে তিনটে বছর খেলা নাইজিরিয়ান স্ট্রাইকার যথেষ্ট সফল ছিলেন। প্রচুর গোল করেছিলেন। কিন্তু টিমকে সাফল্য দিতে পারেননি। ওই তিন বছরে কোনও ট্রফি ছিল না বাগানের। যে কারণে তাঁকে নিয়ে বারবার বিতর্ক হয়েছে। তিনিও নানা কাণ্ডে জড়িয়েছেন নানা সময়। তবু তাঁর মতো রঙিন চরিত্র মিডিয়ার কেন্দ্রেই ছিলেন বরাবর।
মহামেডানের এক বছরের চুক্তিতে সই করলেন ওডাফা। ২০ জুন থেকে নতুন মরসুমের প্র্যাক্টিস শুরু। প্রথম দিন থেকেই ওডাফা প্র্যাক্টিসে হাজির থাকবেন। মহামেডানে ২০০৩-০৪ মরসুমে খেলেছিলেন তিনি। একটা গোল করতে পারেননি। বীতশ্রদ্ধ হয়ে সাদা-কালো কর্তারা তাঁকে ছেড়ে দিয়েছিলেন। বাংলাদেশের মুক্তিযোদ্ধা ঘুরে চার্চিলে সই করেন ওডাফা। ওই মরসুমেই তাঁর সুপারস্টার হয়ে যাওয়া।
ভারতীয় ফুটবলে ধীরে ধীরে পড়ন্ত বেলায় চলে যাচ্ছেন ওডাফা ওকেলি, র্যান্টি মার্টিন্সদের প্রজন্ম। র্যান্টিকে আর রাখতে চায়নি ইস্টবেঙ্গল। সামনের বার কোন ক্লাবে খেলবেন, তা এখনও ঠিক নয়। এরই মধ্যে ওডাফাকে বেছে নিতে হল মহামেডানের মতো সেকেন্ড ডিভিশন ক্লাব।
সত্যি দিন ফুরোতে শুরু করেছে ওডাফাদের!
No comments