দুঙ্গা বিসর্জনের প্রবল সম্ভাবনা ব্রাজিলে | ডেস্ক রিপোর্টার
‘হ্যান্ড অফ গড’ বিতর্কের মধ্যেই চাকরি খোয়াতে বসেছেন ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা। পেরুর কাছে হেরে কোপা সেন্টেনারির গ্রুপ স্টেজ থেকে ছিটকে যাওয়ার পর ব্যাপক সমালোচনা চলছে তাঁকে নিয়ে। দুঙ্গার পরিবর্তে নেইমারদের কোচ হিসেবে দেখা যেতে পারে কোরিন্থিয়ান্সের সফল কোচ তিতেকে।
চোটে একাকার ব্রাজিল গ্রুপ লিগ থেকে ছিটকে যাবে, কেউ ভাবেনি। রিও অলিম্পিক পর্যন্ত দুঙ্গাকে কোচ রাখার কথা ব্রাজিল ফুটবল ফেডারেশন জানিয়েও রেখেছিল। কিন্তু দেশ জুড়ে প্রবল সমালোচনার মুখে পড়ে ফুটবল কর্তা সিদ্ধান্ত বদলের কথা ভাবতে শুরু করেছেন। আজ। মঙ্গলবার সভাও ডেকেছে ফেডারেশন। যে বৈঠকে দুঙ্গারও থাকার কথা। ব্রাজিলের বিপর্যয় নিয়ে তাঁকে প্রশ্নের মুখে পড়তে হবে তাঁকে।
পেরুর কাছে ০-১ হারের পর ব্রাজিলের বিভিন্ন কাগজে কার্যত মুন্ডুপাত চলছে দুঙ্গার। কোনও কাগজ লিখেছে, বিশ্বকাপে ১-৭ হারের লজ্জা এখনও ছেড়ে যায়নি ব্রাজিলকে। কোথাও বলা হয়েছে, অতিরিক্ত নেইমার নির্ভরতার জন্যই এই হাল। কেউ দাবি তুলেছে, অলিম্পিকের আগে যথেষ্ট সময় রয়েছে। নতুন কোচ দ্রুত নিয়ে এলে পরিস্থিতি সামলে দেওয়া যাবে।
দুঙ্গার বদলি কোচ হিবেসে তিতের নাম প্রবল ভাবে রয়েছে। কোরিন্থিয়ান্সকে গত পাঁচ বছরে যথেষ্ট সাফল্য দিয়েছেন তিনি। ফিফা ক্লাব বিশ্বকাপেও চ্যাম্পিয়ন করেছেন। ব্রাজিল ফুটবলমহলের অনেকে এও বলছেন, পিছনের দিকে না তাকিয়ে তিতের মতো নতুন কাউকে নিয়ে আসা হোক। ব্রাজিল ফুটবলের উন্নতির জন্য স্বতন্ত্র ভাবনা দরকার।
আজ ব্রাজিল ফেডারেশনের সভায় কী সিদ্ধান্ত নেওয়া হয়, সে দিকে তাকিয়ে সারা দুনিয়া।
No comments