নেইমার, রাফিনিয়া, কোস্তা ব্রাজিলের অলিম্পিক দলে
রাইট স্পোর্টস ডেস্ক
কোপায় ভরাডুবি মেনেই নিয়েছিল ব্রাজিল। তাই নেইমারকে নেয়নি শতবার্ষিকী কোপায়। বার্সেলোনার সঙ্গে কথা বলে নিশ্চিত করেছিল অলিম্পিকে নেইমারকে পাওয়া। তাই, রিও অলিম্পিকের জন্য ব্রাজিলের ১৮ জনের দলে নেইমারের উপস্থিতি তো অনিবার্যই!
রিও অলিম্পিকে ১৮ জনের ফুটবল দলে ব্রাজিলের অধিনায়কের পাশে তারকা দুজন। রয়েছেন বায়ার্ন মিউনিখের দগলাস কোস্তা। আর নেইমারের বার্সেলোনা সতীর্থ, মিডফিল্ডার রাফিনিয়া।
কোপা আমেরিকাতে ভরাডুবি হওয়ার পর দেশের মাঠে অলিম্পিকটা জিততে চাইছে ব্রাজিল। তা হলে গত বিশ্বকাপে জার্মানির কাছে ১-৭ হারের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ পড়বে। কোপা বিপর্যয়ের পর চাকরি গিয়েছে দুঙ্গার। তিতে দায়িত্ব নিয়েছেন টিমের। তবে তিনি অলিম্পিকের সময় ডাগআউটে বসতে নারাজ। অনূর্ধ্ব ২০ ব্রাজিল টিমের কোচ রোজারিও মিকালে দায়িত্ব সামলাবেন অলিম্পিকে। মিকালে বলেছেন, ‘আমার সঙ্গে তিতের কথা হয়েছে। উনি দায়িত্বে না থাকলেও ওর সঙ্গে কথা বলেই পরিকল্পনা সাজাব।’
পাঁচ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল কখনও অলিম্পিকের সোনা পায়নি। গত বার লন্ডন অলিম্পিকে ফাইনালে উঠলেও মেক্সিকোর কাছে হেরে যায়। এ বার ঘরের মাঠে তাই আরও বেশি করে ফুটবলে সোনার জন্য মুখিয়ে রয়েছে ব্রাজিল।
লন্ডন অলিম্পিকের দলেও ছিলেন নেইমার। তখনও তিনি এত বড় তারকা হয়ে ওঠেননি। এ বারের ব্রাজিল কোচ মিকালে বলেছেন, ‘নেইমারের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। ও এখন স্টার। দুরন্ত অ্যাথলিট। আশা করি আমরা সবাই মিলে দলকে সাফল্য এনে দিতে পারব।’
দল জানালেও এখনও অধিনায়কের নাম ঘোষণা করেনি ব্রাজিল। নেইমারই ব্রাজিল সিনিয়র দলের অধিনায়ক। দুঙ্গা এসেই থিয়াগো সিলভাকে সরিয়ে দায়িত্ব তুলে দিয়েছিলেন নেইমারের কাঁধে। তিনি থাকতে অন্য কেউ অধিনায়ক? ভাবা কঠিন!
পুরো দল
গোলকিপার: ফের্নান্দো প্রাস, উইলসন।
ডিফেন্ডার: লুয়ান, রদরিগো, মারকুইনিওস, দগলাস, জেকা, উইলিয়ান।
মিডফিল্ডার: রাফিনহা, দুয়ার্দো, ফ্রেদ, তিয়াগো, ফেলিপে।
ফরোয়ার্ড: নেইমার, কোস্তা, গাব্রিয়েল, জেসাস, লুয়ান।
No comments