রোনালদোও এখন পাশে, ‘মেসির চোখের জলে ভীষণ কষ্ট পেয়েছি’
রাইট স্পোর্টস ডেস্ক
জীবনে কখনও দ্বিতীয় হওয়ার কথা ভাবেন না মেসি!
এলএম টেনকে নিয়ে যিনি এমন মন্তব্য করেছেন, আদতে মেসি-বিরোধী নামেই পরিচিত। ফুটবল দুনিয়া মেসির সঙ্গে সর্বক্ষণ তাঁর ছায়াযুদ্ধ দেখতে পায়। সেই তিনি যে মেসি-বিদায়ে ব্যথিত, তা-ও এখন প্রকাশ্যে।
আর কেউ নন, ক্রিস্তিয়ানো রোনালদোই দাঁড়িয়ে পড়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী লিও মেসির পাশে!
সিআর সেভেন বলেছেন, ‘খুব কঠিন সিদ্ধান্ত নিয়েছে মেসি। সমর্থকদের বুঝতে হবে। মেনে নিতে হবে ওর কথা।’
সারা দুনিয়া এখন রোসারিও-মুখী। এলএম টেনের বাড়িতে আছড়ে পড়ছে লাখো লাখো জনতার ভিড়। ‘মেসি, তোমাকে চাই’ পোস্টারে ছেয়ে গিয়েছে টুইটার, ফেসবুক, আর্জেন্তিনার রাস্তা।
ঠিক তখনই লিওনেল মেসিকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বললেন রোনালদো। দলকে জেতানো, গোল করা থেকে শুরু করে বালন দি’ওর — কোন লড়াইয়ে নেই দু’জন?
ইউরোর গ্রুপ লিগে পেনাল্টি মিস করে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন রোনালদো। তার ঠিক ক’দিন পরেই কোপার ফাইনালে চিলের বিরুদ্ধে টাইব্রেকারে পেনাল্টি মিস করেন মেসি। হারের পর মেসিকে কাঁদতে দেখে কষ্ট পেয়েছেন রেয়ালের ফুটবলার। বলেছেন, ‘একটা পেনাল্টি মিস করলে কেউ খারাপ ফুটবলার হয়ে যায় না। কিন্তু পেনাল্টি মিস করার পর মেসির কান্নায় ভেঙে পড়াটা আমি নিতে পারিনি। ভীষণ কষ্ট পেয়েছি।’
সারা দুনিয়ার মতো মেসির কাছে রোনালদোরও আবেদন, ‘ফিরে এসো’! রোনালদো বলেছেন, ‘আমার বিশ্বাস, মেসিকে আবার আর্জেন্তিনার হয়ে খেলতে দেখা যাবে। জাতীয় দলে ওকে দরকার।’
লড়াই যে বেশিরভাগটাই সংবাদমাধ্যমের বানানো, আদতে সাম্প্রতিক কালের দুই সেরা মনে মনে একে অপরকে কতটা শ্রদ্ধা করেন, বেরিয়ে এল রোনালদোর মন্তব্যেই!
মেসির অবসর রোনাল্ডোর অনুপ্রেরণা হতে পারে না। একজন যোদ্ধা থাকলে তবেই আরেকজন যোদ্ধা অনুপ্রাণিত হয়। দুজনেই সেরা, একে ওপরকে ছাপিয়ে যাওয়ার যে লড়াই ছিল, সেটা থেকে আমরা আন্তদেশিয় ফুটবলে বঞ্চিত হবো।
ReplyDelete