উত্তরবঙ্গের খেলাধুলায় বিশেষ নজর মুখ্যমন্ত্রীর
বাইচুং, মান্তুদের নিয়ে ক্রীড়া উন্নয়ণ কমিটি
হোক না রাজনৈতিক ‘মুভ’!
উত্তরবঙ্গের খেলাধুলার উন্নতির জন্য এগিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৈরি করলেন উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ণ কমিটি। যাঁর দায়িত্ব দেওয়া হল উত্তরবঙ্গের চার সফল ক্রীড়াবিদকে। ফুটবলার বাইচুং ভুটিয়া, টেবল টেনিসের মান্তু ঘোষ, দুই ক্রিকেটার শিবশঙ্কর পাল ও ঋদ্ধিমান সাহা।
উত্তরবঙ্গ থেকে এক সময় প্রচুর খেলোয়াড় উঠে এসেছেন। নানা ক্ষেত্রে তাঁরা বেশ সফলও। ক্রিকেটে ঋদ্ধিমান শেষ সফল মুখ। ফুটবলে অভিজিৎ মণ্ডল। টেবল টেনিসে অলিম্পিকের টিকিট পাওয়া সৌম্যজিৎ ঘোষও উত্তরবঙ্গেরই ছেলে। এত সাফল্য থাকা সত্ত্বেও সে ভাবে নজর দেওয়া হয় না উত্তরবঙ্গের খেলাধুলোর উপর। সেই কারণেই বাইচুং, মান্তুদের নিয়ে মুখ্যমন্ত্রী তৈরি করলেন এই কমিটি।
কী কাজ হবে এই ক্রীড়া উন্নয়ণ কমিটির?
উত্তরবঙ্গের নানা জেলা থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়দের ঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া। তাদের নানা রকম সুযোগ সুবিধা দেওয়া। সেই সঙ্গে ক্রিকেট-ফুটবলের পাশাপাশি ছোট খেলার প্রসার ও উন্নতি।
উত্তরবঙ্গের খেলাধুলো নিয়ে এর আগে কখনওই সরকারি কোনও পদক্ষেপ হয়নি। বাংলার মুখ্যমন্ত্রীর এই নতুন কমিটিকে নিয়ে বেশ আশাবাদী উত্তরবঙ্গের খেলার জগতের মানুষরা।
No comments