Showing posts with label All England Badminton Championship 2018. Show all posts
Showing posts with label All England Badminton Championship 2018. Show all posts

Sunday, March 18, 2018

সেমিফাইনালে হেরেই গেলেন সিন্ধু

শুভব্রত মুখার্জি


প্রকাশ পাড়ুকোন, পুলেল্লা গোপীচাঁদের পর তৃতীয় ভারতীয় এবং প্রথম ভারতীয় মহিলা হিসেবে ব্যাডমিন্টনের ‘উইম্বলডন’ জয়ের স্বপ্ন সফল হল না পুসারলা বেঙ্কট সিন্ধুর। অল ইংল্যান্ড প্রতিযোগিতার সেমিফাইনালে হেরে গেলেন জাপানেরই আকানে ইয়ামাগুচির কাছে। ২১-১৯, ১৯-২১, ১৮-২১ পয়েন্টে।

নোজোমি ওকুহারাকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছিলেন সিন্ধু। আপামর ভারতবাসীর আশা বেড়েছিল আরও। কিন্তু, সেমিফাইনালে এক ঘন্টা ২০  মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হার মানতে বাধ্য হলেন ভারতীয় তারকা, বিশ্বের দু-নম্বর তারকার কাছে।

যদিও এই সেমিফাইনালের আগে মুখোমুখি ফলে ৩-০ এগিয়ে ছিলেন সিন্ধু, প্রথম গেমের প্রথম পয়েন্ট থেকেই আভাস পাওয়া গেছিলো  টক্কর হতে চলেছে সমানে-সমানে। সিন্ধুর অপেক্ষাকৃত দুর্বল ব্যাকহ্যান্ডকে টার্গেট করতে পারেন জাপানি প্রতিপক্ষ ইয়ামাগুচি। তাই আগে থেকেই ‘হোমওয়ার্ক’ করে রেখেছিলেন গুরু গোপীচাঁদ এবং শিষ্যা সিন্ধু। ম্যাচ যত এগিয়েছিল, স্পষ্ট হয়ে উঠেছিল। কোর্ট-কভারেজ, ক্রস-স্ম্যাশ, ড্রপ শটের মুন্সিয়ানায় একে অন্যকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছেন দুজনেই। প্রথম গেমে একটা সময় ১৫-৭ পয়েন্টে এগিয়ে যান সিন্ধু। তারপরও ফিরে আসার সুযোগ দিয়েছিলেন ইয়ামাগুচিকে। শেষ পর্যন্ত ২১-১৯ পয়েন্টে জিতেছিলেন পুসারলা।

দ্বিতীয় গেমে শুরুতেই চাপ বাড়াতে চেষ্টা করেন ইয়ামাগুচি। প্রতিপক্ষের গেমপ্ল্যান আগে থেকেই আন্দাজ করে নিয়ে নিজের ক্ষুরধার ফোরহ্যান্ডের ব্যবহার বাড়ান সিন্ধু। ১৫-১৯ পয়েন্টে দ্বিতীয় গেমে পিছিয়ে পড়েও লড়াই ছাড়েননি। শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হন ১৯-২১ পয়েন্টে।

তৃতীয় গেমে ১৩-৭ পয়েন্টে এগিয়েও গিয়েছিলেন। কিন্তু, ইয়ামাগুচির ফোরহ্যান্ডের জোরে ক্রমাগত চাপ বাড়তে থাকে সিন্ধুর। একটা সময় সেই চাপ আর প্রতিহত না করতে পেরে তৃতীয় গেমে অবশেষে ১৮-২১ পয়েন্টে পরাজয় স্বীকার করতে হল সিন্ধুকে।

Saturday, March 17, 2018

দুরন্ত জয়ে অল ইংল্যান্ডের সেমিফাইনালে সিন্ধু

শুভব্রত মুখার্জি


পুসারলা বেঙ্কট সিন্ধু পৌঁছলেন অল ইংল্যান্ড ব্যাডমিন্টন প্রতিযোগিতার সেমিফাইনালে। মেয়েদের কোয়ার্টার ফাইনালে হারালেন জাপানের নোজোমি ওকুহারাকে, এক ঘন্টা ২৪ মিনিটের দীর্ঘ লড়াই শেষে। সেমিফাইনালে ভারতীয় তারকাকে খেলতে হবে কারোলিনা মারিন বনাম আকানে ইয়ামাগুচি ম্যাচে জয়ীর বিপক্ষে। পরিচিত প্রতিপক্ষ হলেও বাড়তি দায়িত্ব এখন সিন্ধুর কাঁধে।

সিন্ধু আর ওকুহারার মুখোমুখি রেকর্ড দাঁড়াল ৫-৫। রিও অলিম্পিকের সেমিফাইনালে তাঁকে হারিয়েছিলেন সিন্ধু। আবার, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওকুহারা জিতেছিলেন। এবার সিন্ধুর পালা। প্রথম গেমে হেরে গিয়েছিলেন ২০-২২। পরের দুটি গেম জেতেন ২১-১৮, ২১-১৮ পয়েন্টে। কতটা লড়াই হয়েছে, স্কোরেই পরিষ্কার।

প্রথম গেমে হার স্বাভাবিকভাবেই রক্তচাপ বাড়িয়ে দিয়েছিল ভারতবাসীর। দ্বিতীয় গেমেও একটা সময় সিন্ধুর আপাত-দুর্বল ব্যাকহ্যান্ডে ক্রমাগত আক্রমণে চাপ বাড়িয়েছিলেন ওকুহারা। কিন্তু কোর্টের বাইরে থেকে কোচ গোপীচাঁদের পরামর্শে আরও বেশি স্ম্যাশ শুরু করেছিলেন সিন্ধু। ফল হাতে হাতেই। ওকুহারা বারবারই চেষ্টা করেন র‍্যালির সংখ্যা বাড়িয়ে ম্যাচে সিন্ধুকে বেদম করে দিতে। কয়েকবার সেই চেষ্টায় তিনি সফলও হয়েছেন যেমন, সিন্ধুর ক্রমাগত আক্রমণে বেসামালও হয়েছেন। বার্মিংহ্যাম এবার দেখল দ্বিতীয়টা।

কিদম্বি শ্রীকান্তের হারে পুরুষ বিভাগে ভারতীয় চ্যালেঞ্জ শেষ। সাইনা নেহওয়াল তো প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিলেন। সিঙ্গলসে ভারতীয়দের শেষ আশা ছিলেন সিন্ধু। সেমিফাইনালে উঠে দেশবাসীকে গর্বিত করলেন বিশ্বের তিন নম্বর তারকা।

সাইনা নেহওয়াল ফাইনালে উঠেছিলেন অল ইংল্যান্ডে, ২০১৫ সালে। হেরে গিয়েছিলেন স্পেনীয় মারিনের কাছে। সিন্ধু কি সাইনাকে ছুঁতে পারবেন অন্তত, ফাইনালে পৌঁছে? নাকি, পরপর তিন দিন তিনটি ম্যাচে তিন গেম করে খেলার ক্লান্তি গ্রাস করবে সিন্ধুকে, সেমিফাইনালে?

Friday, March 16, 2018

লড়ে কোয়ার্টার ফাইনালে সিন্ধু

শুভব্রত মুখার্জি


একঘন্টা ছয় মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ে থাইল্যান্ডের  নিতচাওন জিন্দাপোলকে হারিয়ে অল ইংল্যান্ডের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন পুসারলা বেঙ্কট সিন্ধু। তৃতীয় গেমে একটা সময় ১২-১৬ পয়েন্টে পিছিয়ে রীতিমতো চাপে পড়ে গিয়েছিলেন। কোর্টের বাইরে থেকে কোচ গোঁপীচাদের অনবরত উৎসাহ এবং উপদেশ সিন্ধুকে এই কঠিন বাধা পেরিয়ে যেতে সাহায্য করে। প্রথম গেমে ২১-১৩ জিতলেও দ্বিতীয় গেম ১৩-২১ পয়েন্টে হেরে গিয়েছিলেন মেয়েদের বিশ্বের তিন নম্বর। তাঁর দুর্বল ব্যাকহ্যান্ডে বারবার আক্রমণ করে নিতচাওন সমস্যায় ফেলে দিয়েছিলেন ভারতীয় তারকাকে। সাইনা নেহওয়ালের বিদায়ের পর মেয়েদের সিঙ্গলসে এখন সিন্ধুই ভারতের একমাত্র প্রতিনিধি। শেষ পর্যন্ত লড়ে জিতে জিন্দাপোলের বিপক্ষে সিন্ধুর মুখোমুখি রেকর্ড এখন ৩-১। কোয়ার্টার ফাইনালে সিন্ধুর সম্ভাব্য প্রতিপক্ষ জাপানের ওকুহারা, যাঁর বিরুদ্ধে সাম্প্রতিক রেকর্ড একেবারেই ভাল নয় সিন্ধুর।

বুধবার বেশি রাতে এইচএস প্রণয় হারিয়েছিলেন অষ্টম বাছাই চৌ তিয়েন চেনকে, তিন গেমের লড়াইয়ে, ৯-২১, ২১-১৮, ২১-১৮ পয়েন্টে। এবার বিশ্বের ১৬ নম্বর ভারতীয়র সামনে ইন্দোনেশিয়ার টমি সুগিয়ার্তো। প্রণব জেরি চোপড়া ও এন সিক্কি রেড্ডির জুটিও প্রথম রাউন্ডে জিতে দ্বিতীয় বাছাই জুটির মুখোমুখি, পরের রাউন্ডে।

Thursday, March 15, 2018

অল ইংল্যান্ডে দ্বিতীয় রাউন্ডে সিন্ধু, শ্রীকান্ত

শুভব্রত মুখার্জি


অল ইংল্যান্ডের প্রথম দিনটা ভারতীয় শাটলারদের জন্য বেশ খারাপ। খাদের প্রায় কিনারা থেকে ফিরলেন কিদম্বি শ্রীকান্ত। পিভি সিন্ধুকেও জিততে হল তিন গেমের লড়াই। প্রত্যাশামতোই বিদায় সাইনা নেহওয়ালের। দ্বিতীয় রাউন্ডে যেতে পারলেন না সাই প্রনীতও।

ফরাসি প্রতিপক্ষ ব্রাইস লেভারদেজের বিপক্ষে প্রথম গেমে ৭-২১ পয়েন্টে হারার পরে দ্বিতীয় গেমে ২১-১৪ জিতলেও তৃতীয় গেমে একটা সময় ম্যাচ পয়েন্টও পেয়ে গিয়েছিলেন ফরাসি ব্রাইস। কিন্তু ভারতীয়রা স্বস্তির নিঃশ্বাস ফেলেন, শেষ পর্যন্ত ৭-২১, ২১-১৪, ২২-২০ জিতে শ্রীকান্ত দ্বিতীয় রাউন্ডে যাওয়ায়। গুরু গোপীচাঁদকে ছোঁয়ার চেষ্টা করছেন শ্রীকান্ত, অল ইংল্যান্ড জিতে। কিন্তু এমন খেললে সেই স্বপ্ন সফল হওয়া মুশকিল। প্রনীত হারলেন কোরিয়ান সোন ওয়ান হো-র কাছে ১৩-২১, ২১-১৫, ২১-১১।

মেয়েদের গতবারের চ্যাম্পিয়ন তাই জু ইংয়ের কাছে লড়াই করে হারলেন সাইনা, ১৪-২১, ১৮-২১। তাই-এর বিরুদ্ধে সাইনার রেকর্ড দাঁড়াল ৫-১০, শেষ আটবার টানা হারলেন। থাইল্যান্ডের পর্নপাউই চোচুওংয়ের কাছে প্রথম গেমে ২০-২২ পয়েন্টে হারার পরেও শেষ দুটি গেম ২১-১৭, ২১-৯ জিতে দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন সিন্ধু। ভারতের আশা এখন শ্রীকান্ত ও সিন্ধুকে ঘিরেই। কিন্তু, দ্বিতীয় রাউন্ডে গেলেও পারফরম্যান্সে যথেষ্ট উন্নতি না ঘটলে ব্যাডমিন্টনের ‘উইম্বলডন’ জয় বেশ কঠিনই হবে শ্রীকান্ত-সিন্ধুর।

Wednesday, March 14, 2018

শ্রীকান্ত, সিন্ধুর নতুন চ্যালেঞ্জ, আজ শুরু অল ইংল্যান্ড

সরাসরি সম্প্রচার
দুপুর ২-৩০ ও বিকেল ৫-৩০


(স্টার স্পোর্টস ৪ এবং স্টার স্পোর্টস এইচডি ৪)


শুভব্রত মুখার্জী


প্রকাশ পাড়ুকোন চ্যাম্পিয়ন হয়েছিলেন ১৯৮০ সালে। তার ২১ বছর পর পুল্লেলা গোপীচাঁদ। মাঝে ১৭ বছরের খরা। ভারতীয় ব্যাডমিন্টন কি আবার শীর্ষে উঠে আসবে ২০১৮-র অল ইংল্যান্ড ব্যাডমিন্টন প্রতিযোগিতায়?

এই মুহূর্তে ভারতীয় ব্যাডমিন্টন নিয়ে আশার আলো। অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপকে বলা হয় ব্যাডমিন্টনের উইম্বলডন। সেখানে পুরুষদের তৃতীয় বাছাই কিদম্বি শ্রীকান্ত, মেয়েদের চতুর্থ বাছাই পুসারলা বেঙ্কট সিন্ধু। মেয়েদের মধ্যে আছেন গোপীচাঁদেরই আর এক ছাত্রী সাইনা নেহওয়াল, যিনি ২০১৫ সালে খেলেছিলেন ফাইনালে, হেরেছিলেন স্পেনের কারোলিনা মারিনের কাছে। আর ছেলেদের মধ্যে শ্রীকান্তের পাশাপাশিই খেলবেন এইচএস প্রণয়, বিএস প্রণীতও।

আশার কথা আরও, শ্রীকান্ত এবং সিন্ধুর প্রথম রাউন্ডে তুলনায় সহজ প্রতিপক্ষের সঙ্গে খেলা। ভারতের এক নম্বর পুরুষ তারকাকে খেলতে হবে ফরাসি ব্রাইস লেভেরদেজের বিরুদ্ধে। আর সিন্ধুর সামনে পর্নপাউই চোচুওং। কোয়ার্টার ফাইনালে নোজুমি ওকুহারার মুখোমুখি হতে পারেন সিন্ধু, যদি প্রথম দুটি রাউন্ড পেরিয়ে আসেন দুজনেই। গত বছর চারটি সুপার সিরিজ জিতে দুর্দান্ত ছন্দে আছেন শ্রীকান্তও। কোয়ার্টার ফাইনালের আগে তাঁকেও শীর্ষ আট বাছাইয়ের কারও বিরুদ্ধে খেলতে হবে না সম্ভবত।

সাইনার কাজটা কঠিন। প্রথম রাউন্ডের শীর্ষবাছাই এবং মেয়েদের এক নম্বর তাই জু ইংয়ের বিরুদ্ধে খেলতে হবে তাঁকে, যাঁর বিরুদ্ধে সাইনার রেকর্ড ৫-৯। তার চেয়েও বড়, শেষ সাতবারই হেরেছেন তাই-এর কাছে। গোপীচাঁদের কাছে ফিরে আসার পর অল ইংল্যান্ডে শুরুতেই অঘটন ঘটাতে পারেন কিনা সাইনা, দেখতে আগ্রহী ভারতের ব্যাডমিন্টনপ্রেমীরা। প্রসঙ্গত, ২০১৭ সালে সাইনা এবং সিন্ধু দুজনেই হেরে গিয়েছিলেন কোয়ার্টার ফাইনালে।

ইংল্যান্ডের বার্মিংহ্যামে বার্কলে ইয়ার্ড এরিনাতে ১৪-১৮ মার্চ প্রতিযোগিতা। পাঁচদিনের প্রতিযোগিতায় পুরুষ এবং মহিলা বিভাগের মোট পুরষ্কারমূল্য ৬ লক্ষ মার্কিন ডলার।