Showing posts with label Akane Yamaguchi. Show all posts
Showing posts with label Akane Yamaguchi. Show all posts

Sunday, March 18, 2018

সেমিফাইনালে হেরেই গেলেন সিন্ধু

শুভব্রত মুখার্জি


প্রকাশ পাড়ুকোন, পুলেল্লা গোপীচাঁদের পর তৃতীয় ভারতীয় এবং প্রথম ভারতীয় মহিলা হিসেবে ব্যাডমিন্টনের ‘উইম্বলডন’ জয়ের স্বপ্ন সফল হল না পুসারলা বেঙ্কট সিন্ধুর। অল ইংল্যান্ড প্রতিযোগিতার সেমিফাইনালে হেরে গেলেন জাপানেরই আকানে ইয়ামাগুচির কাছে। ২১-১৯, ১৯-২১, ১৮-২১ পয়েন্টে।

নোজোমি ওকুহারাকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছিলেন সিন্ধু। আপামর ভারতবাসীর আশা বেড়েছিল আরও। কিন্তু, সেমিফাইনালে এক ঘন্টা ২০  মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হার মানতে বাধ্য হলেন ভারতীয় তারকা, বিশ্বের দু-নম্বর তারকার কাছে।

যদিও এই সেমিফাইনালের আগে মুখোমুখি ফলে ৩-০ এগিয়ে ছিলেন সিন্ধু, প্রথম গেমের প্রথম পয়েন্ট থেকেই আভাস পাওয়া গেছিলো  টক্কর হতে চলেছে সমানে-সমানে। সিন্ধুর অপেক্ষাকৃত দুর্বল ব্যাকহ্যান্ডকে টার্গেট করতে পারেন জাপানি প্রতিপক্ষ ইয়ামাগুচি। তাই আগে থেকেই ‘হোমওয়ার্ক’ করে রেখেছিলেন গুরু গোপীচাঁদ এবং শিষ্যা সিন্ধু। ম্যাচ যত এগিয়েছিল, স্পষ্ট হয়ে উঠেছিল। কোর্ট-কভারেজ, ক্রস-স্ম্যাশ, ড্রপ শটের মুন্সিয়ানায় একে অন্যকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছেন দুজনেই। প্রথম গেমে একটা সময় ১৫-৭ পয়েন্টে এগিয়ে যান সিন্ধু। তারপরও ফিরে আসার সুযোগ দিয়েছিলেন ইয়ামাগুচিকে। শেষ পর্যন্ত ২১-১৯ পয়েন্টে জিতেছিলেন পুসারলা।

দ্বিতীয় গেমে শুরুতেই চাপ বাড়াতে চেষ্টা করেন ইয়ামাগুচি। প্রতিপক্ষের গেমপ্ল্যান আগে থেকেই আন্দাজ করে নিয়ে নিজের ক্ষুরধার ফোরহ্যান্ডের ব্যবহার বাড়ান সিন্ধু। ১৫-১৯ পয়েন্টে দ্বিতীয় গেমে পিছিয়ে পড়েও লড়াই ছাড়েননি। শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হন ১৯-২১ পয়েন্টে।

তৃতীয় গেমে ১৩-৭ পয়েন্টে এগিয়েও গিয়েছিলেন। কিন্তু, ইয়ামাগুচির ফোরহ্যান্ডের জোরে ক্রমাগত চাপ বাড়তে থাকে সিন্ধুর। একটা সময় সেই চাপ আর প্রতিহত না করতে পেরে তৃতীয় গেমে অবশেষে ১৮-২১ পয়েন্টে পরাজয় স্বীকার করতে হল সিন্ধুকে।