Sunday, October 25, 2026

কাশীনাথ ভট্টাচার্য /‌ সমস্যা থাকলেও আত্মবিশ্বাসী পানোস


জিততে গেলে গোল করতে হয়, ফুটবলের সহজ সত্যি। মোহনবাগান সুপার জায়েন্ট, এবারের আইএসএল–‌এর প্রথম দু–‌ম্যাচে, সেই কাজটা যথাযথ করতে পারেনি বলেই দু–‌ম্যাচে তিন পয়েন্ট এসেছে ঘরে। প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে তো ২৬বার গোলমুখে গিয়েও ফিরেছিল শূন্য হাতে। তাই কলকাতায় ঘরের মাঠে প্রথম ম্যাচে চেন্নাইয়িন এফসি–‌র বিরুদ্ধে খেলার আগে এমবিএসজি–‌র গ্রিক কোচ পানাগিওতিস দিলমপেরিসের ভাবনা, সুযোগগুলোকে জালে পাঠানো নিয়ে!‌

সমস্যাও আছে। জেমি ম্যাকলারেন পুরো সুস্থ নন। মিগেল ফিগেইরার হ্যামস্ট্রিংয়ে চোট, অনুশীলন করেননি। আপুইয়া হাসপাতালে। তিন গুরুত্বপূর্ণ ফুটবলার না–‌থাকায় কম্বিনেশন নিয়েও ভাবতে হচ্ছে কোচ পানোসকে। প্রয়োজনে ছাংতেকে আবারও লেফট ব্যাক হিসাবে শুরু করিয়ে পরে ওপরে তুলে আনতে পারেন, আভাস দিলেন ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে।

‘‌গোল করতে হবে, ফুটবলে ওটাই কাজ। তবে শুধুই আক্রমণভাগের ফুটবলাররা নয়, আজকের ফুটবলে সবাই গোল করতে পারে। সেই দিকেই নজর আমাদের। যারা খেলবে, যেন সর্বত্র খেলতে পারে এবং গোলের সামনে পৌঁছলে বল জালে পাঠাতে পারে, সেই লক্ষ্যেই অনুশীলন চলছে। হয়ত প্রথম দু–‌ম্যাচে মাত্র দু’‌টিই গোল পেয়েছি। কিন্তু, ২৬টা গোলের সুযোগ পেয়ে একটাও হয়নি, ফুটবলে এমনও ঘটে না। অন্তত তিন–‌চার গোল হওয়া উচিত ছিল প্রথম খেলায়। হয়নি, অতীত নিয়ে বসে থেকে লাভ নেই। লক্ষ্য সামনের চেন্নাইয়িন ম্যাচ এবং এক–‌একটা ম্যাচ ধরেই এগোতে আগ্রহী,’ জানালেন পানোস।



গতবারের মতো একপর্বের লিগ নয় এবার। দু–‌পর্বে ঘরে–‌বাইরে খেলে সবচেয়ে বেশি পয়েন্ট অর্জন করতে হবে। আর এই ম্যারাথন লিগে, পানোস মনে করছেন, বিপক্ষের দলগুলো তিনভাগে বিভক্ত। ‘‌খুব ভাল, ভাল এবং কিছু আপাতদৃষ্টিতে সাধারণ দল‌। আমরা শুরু করেছি প্রথম দু’‌টি ম্যাচ বাইরে খেলে এবং দু’‌টি বেশ ভাল দলের বিরুদ্ধে। চেন্নাইয়িনও বেশ ভাল, ওদের কোচ (‌ক্লিফোর্ড মিরান্ডা)‌ ফুটবল–‌শিক্ষিত। উপভোগ্য খেলা হবে রবিবার যুবভারতীতে,’‌ মনে করছেন পানোস।

প্রথম এগার কোনও কোচই জানান না আগের দিন। পানোস ব্যতিক্রম নন। তবে এমবিএসজি পরিচিত আক্রমণাত্মক ফুটবলের রাস্তায় থাকবে, জানাতে ভোলেন না। আলোচিত হল মিডল থার্ডে বল নিজেদের দখলে রেখে চেন্নাইকে বিব্রত করার প্রসঙ্গও। কলকাতায় লিগ–‌শিল্ড ‘‌ডাবল’‌ করার পর আইএসএল–‌এ প্রথম ম্যাচের আগে আত্মবিশ্বাসী পানোস আগ্রহী তৃতীয় ম্যাচে তিন পয়েন্ট তুলতে, দাপটে!‌

সেখানে তুরুপের তাস হতে পারেন অনিরুধ থাপা। এই যুবভারতীতেই যিনি কিছু দিন আগে উরুগুয়ের বিরুদ্ধে গোল পেয়েছিলেন ভারতের জার্সিতে। আবারও গোল পেলে কার না ভাল লাগে!‌

তবে অনিরুধ উচ্ছ্বসিত ভারতের অনূর্থ্ব১৫ দলের ফিফা অনূর্ধ্ব১৫ বিশ্বকাপের পারফরম্যান্স নিয়ে। ‘‌ক্যামেরুনকে হারিয়েছে, প্রথম ম্যাচেও জিতেছিল। প্রতিভারা যেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হারিয়ে না যায়, নজর রাখতে হবে সেই দিকেই। সমস্যাটা শুরু হয় ১৭–‌১৮ বা ১৯–‌২০, তারও পরে ২২–‌২৩ বছরে পৌঁছে। ১৪–‌১৫য় বিশ্বের যে কোনও দলের সঙ্গেই বোধহয় পাল্লা দিতে পারি। এই প্রতিভাদের দরকার নিয়মিত খেলার সুযোগ। বাইরের শক্তিশালী দেশগুলির বিরুদ্ধেয টানা খেলতে পারলে ওরাই দেশের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নটা সফল করতে পারবে ফুটবল মাঠে’‌, বলছিলেন অনিরুধ।

No comments:

Post a Comment