ভারতের সেরা বোলার সামি, মন্তব্য শোয়েব মালিকের, টুইটারে ঝড়!
রাইট স্পোর্টস ডেস্ক
ভারতের সেরা বোলার মহম্মদ সামিই। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে কবুল করলেন পাক ব্যাটসম্যান শোয়েব মালিক। ৪ জুন চ্যাম্পিয়নস ট্রফিতে দু-দেশের এবারের প্রথম ম্যাচে মুখোমুখি চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
সানিয়া মির্জার স্বামী শোয়েবের মতে, ‘ভারতের সেরা বোলার মহম্মদ সামি। মুসলমান বলেই একথা বলছি না। ওর বোলিং দেখেছি। ওর বল খেলেওছি। বেশ কঠিন ওর বলে খেলা। দু-দলের আমরা সবাই মোটামুটি একই সময়ের। তাই ভারতীয় দলের সবার সঙ্গেই আমার বন্ধুত্ব রয়েছে। একে অপরের বিরুদ্ধে অনেকবার খেলেওছি।’
সমস্যা হল, সামি প্রসঙ্গে ‘মুসলমান বলেই এমন বলছি না’ এই মন্তব্যের জেরে পরে টুইটারে বেশ কথাও শুনতে হল শোয়েব মালিককে। জোর করে ধর্মের প্রসঙ্গটা টেনে আনার কোনও দরকার ছিল না, যাঁরা যাঁরা বিরোধিতা করেছেন, বলেছেন সবাই-ই প্রায়।
কাল রবিবার নিউজিল্যান্ড ও ৩০ তারিখ বাংলাদেশের বিরুদ্ধে ভারতের গা-ঘামানো ম্যাচ। আর শনিবার বাংলাদেশের সঙ্গে খেলার পর ২৯ মে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবে পাকিস্তান। এরপরেই ৪ জুন টুর্নামেন্টে মুখোমুখি দুই দল।
অনুষ্ঠানিক ভাবে চ্যাম্পিয়নস ট্রফি শুরু হচ্ছে জুনে। প্রথম ম্যাচে লন্ডনের কেনসিংটন ওভালে আয়োজক ইংল্যান্ডের সামনে বাংলাদেশ।

No comments