অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ দেশে, সাফ ফুটবল পিছিয়ে দিতে ভারতের আর্জি
রাইট স্পোর্টস ডেস্ক
ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবল সামনেই। ব্যস্ততা থাকবে চরমে। তাই সাফ চ্যাম্পিয়নশিপ এবছর না করে, পিছিয়ে করা হোক সামনের বছর, এমনই আর্জি জানিয়েছে এআইএফএফ। ফেডারেশনের সহ সভাপতি সুব্রত দত্ত জানিয়েছেন, ‘বিশ্বকাপ অক্টোবরে। তাই সাফকে অনুরোধ করা হয়েছে ওদের টুর্নামেন্ট আগামী বছর মে মাসে করার জন্য। আশা করি, এই অনুরোধকে ওরা সম্মান জানাবে।’ সাফ ফুটবল কর্তৃপক্ষকে এই অনুরোধ জানিয়েছেন এআইএফএফ-এর সাধারণ সম্পাদক কুশল দাস। এবছরের ৬ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত চলবে ভারতের সবচেয়ে বড় ফুটবল ইভেন্ট ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ। ১১ বা ১২ দলের ইন্ডিয়ান সুপার লিগ শুরু হবে কিছুটা দেরিতে। ফলে আইএসএল চলবে ডিসেম্বরের পরেও। ওই মাসেই বাংলাদেশে দ্বিবার্ষিক টুর্নামেন্টের দ্বাদশ সংস্করণ হওয়ার কথা। এই টুর্নামেন্টে বিজয়ীর খেতাব ধরে রাখার চেষ্টা করবে ভারত। প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
No comments