রাইট স্পোর্টস ডেস্ক
ব্যাডমিন্টন থেকে ফের ছুটি নিচ্ছেন দেশের বর্ণময়ী ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা। সূত্রের খবর, ২০১১র বিশ্ব চ্যাম্পিয়নশিপে ডাবলসে ব্রোঞ্জ পদকজয়ী এই তারকা খেলা ছেড়ে যোগ দিতে পারেন ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রশাসক পদে।
রিও অলিম্পিক্সের পর থেকে এ পর্যন্ত মাত্র একটাই টুর্নামেন্ট খেলেছেন ৩৩ বছরের জ্বালা। এবছরের জানুয়ারিতে মালয়েশিয়া মাস্টার্স। তবে মিক্সড ডাবলসের প্রি কোয়ার্টার ফাইনালেই হেরে বিদায় নিতে হয় জ্বালাকে। তারপর আর যেহেতু খেলেননি, ক্রীড়ামহলে জোর কল্পনা, অবসর নিতে চলেছেন জ্বালা।
সম্প্রতি সংবাদমাধ্যমকে জ্বালা জানিয়েছেন, “আমি ১৯৯৯ থেকে খেলছি। টানা ১৮ বছর আমি ভারতের সেরা ডাবলস প্লেয়ার। ঠিক এই মুহূর্তে খেলার মোটিভেশন পাচ্ছি না। এখন কোনও টুর্নামেন্ট খেলার পরিকল্পনাও নেই। কেউ এ কথা বুঝতে চাইছে না যে, আমি যথেষ্ট খেলেছি। প্রশ্ন শুনি, এবার কি অলিম্পিক্স? ওঁদের প্রত্যাশা অনেক। শুনতে ভালই লাগে। কিন্তু মানুষকে তো বাস্তববাদী হতে হবে। তাঁদের বুঝতে হবে যে দেশের হয়ে আমি ১৮ বছর খেলেছি।“
তা হলে কি শিগগিরই অবসর ঘোষণা করবেন? উত্তর এড়িয়ে জ্বালার মন্তব্য, কোনও কিছু ঘোষণার আগে কী করব সেই নিয়েই ভাবছি।
২০১০-এর কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক বিজয়ী এখন নজর দিয়েছেন নিজের আকাদেমির দিকে। একই সঙ্গে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রশাসক পদেও তাঁকে দেখা যেতে পারে। “আকাদেমির কাজ শুরু হয়েছে। তবে অ্যাসোসিয়েশনের সঙ্গেও কাজ করতে চাই। দায়িত্ব নিতে ভালবাসি। আশা করি, সেখানেও বেশ কিছু বদল আনতে পারব।“
ব্যাডমিন্টনের দেশের পতাকাবাহী এই তরুণী মনে করেন, এই মুহূর্তে তাঁর শূন্যস্থান পূরণ করার মতো কেউ নেই দেশে। “কাউকেই দেখছি না। আমার কাছে কোনও উত্তর নেই। বিশ্বের ৬ নম্বর হয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ও কমনওয়েলথ গেমসে পদক জিতেছি। কিন্তু কেউ তো আর সেভাবে উঠে আসেনি। আসলে ডাবলস খেলতে আমরা তেমন উৎসাহ দিই না।“ কিছুটা হতাশার সুরই ফুটে উঠেছে জ্বালা গুট্টার গলায়।
No comments