এক দিনের ক্রিকেটে সেরার আসনে বাংলার ঝুলন
রাইট স্পোর্টস ডেস্কমেয়েদের ক্রিকেটে বিশ্বসেরার আসনে বাংলার ঝুলন গোস্বামী। ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ ক্রিকেট শিকারি ক্যাথরিন ফিটজপ্যাট্রিককে টপকে গেলেন নদীয়ার মেয়ে।
এক দিনের ক্রিকেটে এত দিন ক্যাথরিনের ছিল ১৮০ উইকেট। যা টপকে গিয়ে ১৮১ উইকেটের মালিক হলেন ঝুলন। ১৫৩ ম্যাচ খেলে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মঙ্গলবার ওয়ান ডে ম্যাচে ক্যাথরিনকে টপকে যাওয়ার জন্য দরকার ছিল ২ উইকেট। তিনটে উইকেট নিয়ে ঝুলন গড়লেন নতুন ইতিহাস।
৩৪ বছরের ঝুলন বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা পেস বোলার। তিন ধরনের ক্রিকেটে সব মিলিয়ে তাঁর শিকার ২৭১ উইকেট। পাশাপাশি ব্যাটেও রয়েছে যথেষ্ট রান। তা হলেও ব্যাটসম্যানের তুলনায় বোলার ঝুলনেরই পরিচয় বিশ্ব ক্রিকেটে অনেক বেশি।
ঝুলন নিজেও এক দিনের ক্রিকেটে সেরা বোলার হওয়ার পথে অনেক দিন ছুটছেন। তবে ভাবেননি এক দিন সেরা শিকারি ক্যাথরিনকে টপকে ঢুকে পড়বেন ইতিহাসে। দুর্দান্ত সাফল্যের দিনেও অবশ্য তাঁর ফোকাস নড়ছে না। ঝুলন তাকিয়ে রয়েছেন বিশ্বকাপের দিকে। যা আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে হওয়ার কথা। দেশকে সেরার সাফল্য এনে দিতে চান বাংলার মেয়ে।
No comments