মোহন-কোচের ভাবনায় ‘রোটেশন’, ‘বিশ্রাম’
মঙ্গলবার বিকেল ৪-০০ খেলা রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে। টেলিভিশনে দেখা যাবে না। ‘লাইভ স্ট্রিমিং’ দেখতে ইউটিউবে গিয়ে টাইপ করুন www.xtratime.in
রাইট স্পোর্টস ডেস্ক
এএফসি কাপের মূলপর্বে যাওয়ার হাতছানি সামনে। ০-০ রাখতে পারলেই যথেষ্ট। মালদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে মঙ্গলবার বিকেল চারটেয় খেলতে নামার আগে মোহনবাগান তাই বাড়তি সতর্ক। আত্মতুষ্টি যেন কোনওভাবেই শিবিরে ঢুকতে না পারে, নিশ্চিত করতে চাইছেন কোচ সঞ্জয় সেন।
তাঁর আরও চিন্তা, আগামী ১৫ দিনে পাঁচটা ম্যাচ খেলতে হবে। ‘অনেক ম্যাচ, প্রচুর ঘোরাফেরা। ভাবতে হচ্ছে ফুটবলারদের বিশ্রাম দেওয়া নিয়েও। আবার ম্যাচগুলো না জিতলেও তো চলবে না! ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে চাইছি সবাইকেই তাই।’
একই সঙ্গে এএফসি এবং আই লিগের ম্যাচ চলায় খানিকটা বাড়তি সমস্যায় পড়েছে দল। কিন্তু, ইউরোপীয় ফুটবলে যেমন হয়, সঞ্জয়ও চাইছেন সেভাবেই দল নিয়ে এগোতে। মালদ্বীপে খেলেছিলেন ড্যারিল ডাফি। রবীন্দ্র সরোবরে মঙ্গলবার ডাফিকে বিশ্রাম দেওয়ার ভাবনা আছে তাঁর। সঙ্গে শিলটন পাল, শেহনাজ সিং ও প্রণয় হালদারও সম্ভবত শুরু করবেন না। এদুয়ার্দো আর আনাসকে যেমন একটি করে অর্ধ খেলাতে পারেন। বলবন্ত, জেজে, সোনিকে নিয়েও কাজ করছে একই ভাবনা।
তবে, সোনি কতটা সুস্থ দেখে নিতে চেয়ে শুরু থেকেই দলে রাখবেন হয়ত হাইতির তারকাকে। অধিনায়ক কাতসুমিরও শুরু করারই কথা। প্রথমার্ধে গোল পেয়ে গেলে পরের অর্ধে পরিবর্তন করবেন, আপাতত এমন ভাবনা নিয়েই এগোচ্ছেন আই লিগ ও ফেডারেশন কাপজয়ী কোচ।
‘দুটো প্রতিযোগিতায় একসঙ্গে খেলতে হচ্ছে বলে এই পারমুটেশন-কম্বিনেশন করে যেতেই হয়, হবেও। এটাই ভবিতব্য। তবে, প্রতিযোগিতা হিসাবে এখনও আই লিগকেই অনেক বেশি কঠিন মনে হচ্ছে’, বলেছেন। এএফসি কাপের মূলপর্বে পৌঁছলে অবশ্যই মত পাল্টাবেন।
মঙ্গলবার এএফসি কাপের দক্ষিণাঞ্চলের প্লে অফ জিতে গেলে বেঙ্গালুরু এফসি-র সঙ্গে একই গ্রুপে থাকবে মোহনবাগান। আই লিগে সুনীল ছেত্রীদের বিরুদ্ধে খেলা ১১ মার্চ, বেঙ্গালুরুতে। আর এএফসি-তেও যোগ্যতার্জন পর্ব পেরলে সেই বেঙ্গালুরুর বিরুদ্ধেই প্রথম খেলা ১৪ মার্চ, সেই কান্তিরভা স্টেডিয়ামেই।
No comments