ডাফির গোলে এগিয়েও ড্র মোহনবাগানের
মোহনবাগান-১ : ভ্যালেন্সিয়া-১
(ডাফি ৬’) (ওয়েস্ট ৭০’)
[caption id="attachment_2986" align="alignleft" width="1200"]
রাইট স্পোর্টস ডেস্ক
এক বারও মনে হচ্ছিল না, মালদ্বীপের টিম ঘরের মাঠে পয়েন্ট তুলতে পারে। একটা ভুল জয়ের স্বপ্ন শেষ করে দিল মোহনবাগানের। ৬৯ মিনিট পর্যন্ত ১-০ এগিয়ে ছিল সবুজ-মেরুন। ড্যারেল ডাফির গোলে। ৭০ মিনিটে পেনাল্টি থেকে ১-১ ভ্যালেন্সিয়ার ওয়েস্টের। একটা পয়েন্টেই শেষ পর্যন্ত সন্তুষ্ট থাকতে হল ডাফি-শিল্টনদের।
এএফসি কাপের এই প্লে-অফে জিততে পারলে গ্রুপ লিগে জায়গা পাবে মোহনবাগান। মালদ্বীপের টিমের তাদের ঘরের মাঠে গিয়ে ড্র করে আসাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। রবীন্দ্র সরোবরে পুরো টিম নিয়ে নামলে ভ্যালেন্সিয়ার পক্ষে মোহনবাগানকে থামান সহজ হবে না। ২৮ ফেব্রুয়ারি ফিরতি ম্যাচ। আর তা জিততে পারলে বেঙ্গালুরুর সঙ্গে একই গ্রুপে জায়গা পাবে মোহনবাগান।
সনি নর্ডি, জেজে লালপেখলুয়া, দেবজিৎ মজুমদার সহ প্রথম সারির ছ’জন ফুটবলার নেই টিমে। কোচ সঞ্জয় সেনও যাননি। সহকারী কোচ শঙ্করলাল চক্রবর্তী কোচিংয়েই এএফসি কাপের ম্যাচে ক্লাব ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে নেমেছিল মোহনবাগান। প্রতিপক্ষ হিসেবে মালদ্বীপের টিম এমন কিছু ভালও নয়। জয়ের হাসি থাকতেই পারত ফুটবলারদের মুখে। সেটা হল না নিজেদের ভুলের জন্যই।
সোমবার আই লিগে আইজলের কাছে হেরে অপরাজিত থাকার রেকর্ড খুইয়ে ফেলেছে ইস্টবেঙ্গল। মোহনবাগান আই লিগ শুরু করার পর থেকে যত ম্যাচ খেলেছে, অপরাজিত। এএফসি কাপের ম্যাচেও সেই রেকর্ডই ধরে রাখল বাগান।
ম্যাচের শুরুতেই ১-০ করে ফেলে মোহনবাগান। ডান দিক থেক প্রবীর দাসের পাঠান বল ধরে প্রতিপক্ষ বক্সে ঢুকে পড়েন ডাফি। সামনে শুধু ভ্যালেন্সিয়ার গোলকিপার। কোনও ভুল করেননি স্কটিশ ফুটবলার। এগিয়ে যাওয়ার পর আত্মবিশ্বাস পেয়ে যায় মোহনবাগান। প্রথমার্ধ জুড়ে দাপিয়ে খেলে প্রবীর-কাতসুমিরা। ওই সময় আরও গোল আসতে পারত।
বিরতির পরও আক্রমণাত্মক মনোভাব নিয়েই নেমেছিল মোহনবাগান। বেশ কয়েক বার প্রতিপক্ষ বক্সে পৌঁছে গিয়েও গোল করতে পারেননি ডাফি-বলবন্তরা। শেষ পর্যন্ত ১-১ থেকে যায় ম্যাচ। ৭০ মিনিটের পেনাল্টির পিছনে সামান্য হলেও দোষ রয়েছে লেফট ব্যাক শুভাশিস বসুর। হ্যান্ডবল করায় পেনাল্টি পেয়ে যায় ভ্যালেন্সিয়া।
মোহনবাগান: শিল্টন, সৌভিক, এডুয়ার্দো, আনাস, শুভাশিস, প্রবীর, কাতসুমি, বিক্রমজিৎ, রেইনার, বলবন্ত, ডাফি (শেহনাজ ৮২’)।
No comments