• Breaking News

    ৮ গোলের বন্যায় মোনাকোকে হারাল গার্দিওলার সিটি

    আগেরো-ফালকাও জাদুতে আচ্ছন্ন চ্যাম্পিয়ন্স লিগ


    ম্যাঞ্চেস্টার সিটি-৫ ‌: মোনাকো-৩


    (আগেরো ৫৮ ও ৭১, স্টার্লিং ২৬, স্টোনস ৭৭, সানা ৮২) (ফালকাও ৩২ ও ৬১, এমবাপ্পে ৪০)




    [caption id="attachment_2989" align="alignleft" width="941"]আগুয়েরো ম্যাজিক। ছবি— টুইটার আগেরো ম্যাজিক। ছবি— টুইটার[/caption]

    রাইট স্পোর্টস ডেস্ক

    এই প্রথম নকআউট পর্যায়ের প্রথম লেগের ম্যাচে ৮ গোল হল।

    ১০টা হলুদ কার্ড। একটা পেনাল্টি মিস। এবং সের্খেই আগেরো ও রাদামেল ফালকাও ম্যাজিক।

    মঙ্গলবার রাতে যেন চ্যাম্পিয়ন্স লিগে আস্ত এক থ্রিলার দেখল ফুটবল দুনিয়া। দু-দু’বার পিছিয়ে গিয়েও ম্যাচে ফিরল ম্যাঞ্চেস্টার সিটি। মোনাকোকে ৫-৩ উড়িয়ে দিল ঘরের মাঠে।

    দুটো টিমই উত্তেজক ম্যাচের মশলা নিয়ে মাঠে নেমেছিল। বিশেষ করে দুই টিমের দুই স্টার আগেরো ও ফালকাওয়ের যে ঝলক দেখতে চেয়েছিলেন সমর্থকরা, পাওয়া গেল। দু’জনেই জোড়া গোল করলেন। টানলেন টিমকে।

    গোলের শুরু ২৬ মিনিটে, সানার পাস থেকে ১-০ এগিয়ে দেন পেপ গার্দিওলার সিটিকে। ছ’মিনিটের মধ্যে মোনাকোর ১-১, ডাইভিং হেডে ফালকাওয়ের অসাধারণ গোল। এবং বিরতির আগে ২-১ এগিয়ে যাওয়াও। কাইলিয়ান এমবাপ্পের পাওয়ারফুল ভলিতে। ওই সময় মনে হয়েছিল, গার্দিওলার টিম হয়তো ম্যাচটা থেকে হারিয়েই যাবে। মোনাকোর অ্যাটাকিং ফুটবলের সামনে বেশ চাপেই দেখাচ্ছিল সিটিকে।

    বিরতির পর অন্য ফুটবল। কিছুক্ষণের মধ্যে পেনাল্টি মিস করেন ফালকাও। তাঁর নেওয়া কিক সহজেই আটকে দেন সিটি কিপার দানিয়েল কাবায়েরো। ম্যাচের টার্নিং পয়েন্ট। তার পরই ম্যাচে ফেরা সিটির।

    ওই সময়টায় যেন সিটি আর মোনাকো নয়, ম্যাচটা ছিল আগেরো বনাম ফালকাও। দুই তারকা মেলে ধরেছেন নিজেদের। গোল করছেন। গ্যালারি তাতাচ্ছেন।

    ৫৮ মিনিটে ১-২ থেকে ২-২ সিটির। স্টার্লিংয়ের পাস থেকে চমৎকার গোল আগেরোর। তিন মিনিটের মধ্যে মোনাকোর ৩-২, ফালকাওয়ের গোলে। ফের ৩-৩ হল ৭০ মিনিটে। এ বারও আগেরো ম্যাজিক। তখনও বোঝা যায়নি, ম্যাচে আরও দুটো গোল বাকি। সিটির আগুনে জয়ের স্বপ্ন পুড়তে চলেছে মোনাকোর!

    জোড়া গোল করে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে আর্জেন্তিনার ফরোয়ার্ড হিসেবে দু’নম্বরে উঠে এলেন আগেরো। ২৭ গোল করে। টপকালেন এরনান ক্রেসপোকে (২৫)। সামনে মেসি (৯৩)।

    ৭৭ এবং ৮২, জন স্টোনস এবং লেরয় সানা--- পর পর দুটো গোলের পর যখন স্কোরলাইনে ৫-৩ দেখাচ্ছে, সিটির গ্যালারিতে উৎসব চলছে।

    ম্যাচের পর পেপ গার্দিওলা বলেছেন, ‘টিম যা খেলেছে, আমি অত্যন্ত খুশি। এই টিমগেমই পরবর্তী পর্যায়ের স্বপ্ন দেখায়। টিমের সবাইকে শুভেচ্ছা। তবে পরের পর্বে এখনও যেতে পারিনি। দ্বিতীয় দফার ম্যাচটা সহজ হবে না। আমাদের আরও গোল করতে হবে।’

    আর মোনাকো কোচ লিওনার্দো জার্দিমের কথায়, ‘এটা বোধহয় এ বারের চ্যাম্পিয়ন্স লিগের সেরা আকর্ষণীয় ম্যাচ। পেনাল্টি মিস করাটাই আমাদের ডুবিয়ে দিল। তবে আরও নব্বইটা মিনিট আছে আমাদের হাতে। ঘরের মাঠের ম্যাচটায় নিজেদের উজাড় করে দিতে হবে।’

    No comments