স্বপ্নের সামনে দাঁড়িয়েও সুনীলের মুখে লড়াই
‘বিজয়ন, বাইচুং, মহেশরা না থাকলে এই জায়গায় পৌঁছনো হত না’
[caption id="attachment_2198" align="alignleft" width="300"]
রাইট স্পোর্টস ডেস্ক
আর কয়েক ঘণ্টা পর স্বপ্নের মুখোমুখি সুনীল ছেত্রীরা। এএফসি কাপ ফাইনালে যদি ইরাকের আল কুয়া আল জাইয়াকে হারিয়ে দিতে পারেন, তা হলে ভারতীয় ফুটবলে লিখে ফেলবেন ইতিহাস।
যেমন সুনীল নিজে, তেমনই বেঙ্গালুরু এফসির বাকি ফুটবলাররা। সাড়ে তিন বছরের ক্লাবের সবাই মজে একই স্বপ্নে। কোচ আলবের্তো রোকা যেমন বলেই দিয়েছেন, ‘যে কোনও টুর্নামেন্টের ফাইনাল সহজ হয় না। এটাও হবে না। তবে আমরা সবাই ফোকাসড। কঠিন প্রতিপক্ষের মোকাবিলায় তৈরি।’
ভারতীয় ফুটবলে এখন এক নম্বর স্টার সুনীল ছেত্রী। প্রচুর সাফল্য এলেও বাইচুং ভুটিয়ার মতো ‘আইকন’ হয়ে উঠতে পারেননি। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে সবচেয়ে বেশি গোল তাঁরই। যদি বেঙ্গালুরু এফসিকে এএফসি কাপ দিতে পারেন, ‘বাইচুং’ হয়ে উঠতে পারেন সুনীল!
ফাইনালে নামার আগে সুনীলের মুখে তাই আইএম বিজয়ন, বাইচুং ভুটিয়া, মহেশ গাউলির নাম। বলেছেন, ‘ওদের ছেলেবেলা থেকে দেখছি। ওদের দেখেই তো বড় হওয়া। ওদের সঙ্গে বা বিরুদ্ধে খেলেছি। ওরা না থাকলে মোটিভেশন পেতাম না। ওরা না থাকলে, যেখানে পৌঁছেছি সেখানে পৌঁছনো হত না।’
জীবনের সেরা মূহূর্তের সামনে দাঁড়িয়ে সুনীল। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এবং মিডিয়ায় যা যা বলেছেন বিএফসি ক্যাপ্টেন, তুলে ধরা হল -
প্রসঙ্গ বেঙ্গালুরু এফসি
জন্মের মাত্র সাড়ে তিন বছরে দলটা দারুণ সাফল্য পেয়েছে। প্রথম বছরই আই লিগ চ্যাম্পিয়ন। পরের বছর ফেডারেশন কাপ। তৃতীয় বছর আবার আই লিগ। এ বার এএফসি কাপ ফাইনালে আমরা। দুর্দান্ত জার্নি। এই টিমের ক্যাপ্টেন হতে পারাটাও বিরাট প্রাপ্তি।
প্রসঙ্গ ফাইনালে ওঠা
আমরা একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়েছি। ফাইনালে ওঠার আগে পর্যন্ত প্রতিটা ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করেছি। টিম হিসেবে মেলে ধরার চেষ্টা করেছি নিজেদের। সেটা হয়েওছে।
প্রসঙ্গ ফাইনাল
জীবনে অনেক কঠিন ম্যাচ খেলেছি। কিন্তু এএফসি কাপ ফাইনালটাকে সবার উপরে রাখতে হবে। একটা ঘোরের মধ্যে রয়েছি। এটা শুধু আমার কাছে বা ক্লাবের কাছে নয়, দেশের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ।
প্রসঙ্গ ফাইনালের রেজাল্ট
স্কোরলাইন কখনও আগে থেকে বলা যায় না। তবে এটুকু বলতে পারি, ম্যাচে নেমে পড়ার পর থেকে শেষ বাঁশি বাজা পর্যন্ত নিজেদের উজাড় করে দেব।
প্রসঙ্গ প্রতিপক্ষ
আমাদের সেরাটা দিতে হবে। কী ছকে খেলব, কী ভাবে মেলে ধরব নিজেদের, কোচ সেটা ঠিক করবেন। এটুকু বলতে পারি আমরা সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি।
No comments