আবাস ফিরছেন, কিন্তু পুনের কাজটা কঠিন
এফসি পুনে সিটি স্বস্তিতে। তাদের কোচ আন্তোনিও আবাস ফিরছেন ডাগআউটে। নিজেদের মাঠে, চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে রবিবারের খেলায়। কিন্তু, হিরো ইন্ডিয়ান সুপার লিগে তাদের আপাতত সবচেয়ে খারাপ শুরু থেকে বেরিয়ে আসার রাস্তাও খুঁজে বের করতে হবে তাদের।
ঘরের মাঠ বরাবরই ভাল খেলেছে পুনে, সেই ২০১৪ থেকেই। প্রথম বছরে প্রথম তিনটি ম্যাচের মধ্যে দুটিতে জিতেছিল। গতবারও একই ব্যাপার। কিন্তু এবার তারা পেছনের পায়ে। প্রথম তিন ম্যাচে ঘরের মাঠে পেয়েছে মাত্র এক পয়েন্ট। বালেওয়াড়ি পুনের শ্রী ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে খেলতে নামলেই কেন এমন হচ্ছে, কারণ খুঁজে বের করতেই হবে আবাসকে এখন।
এখনও পর্যন্ত যে একটাই ম্যাচ জিতেছিল পুনে সেটাও শেষ মুহূর্তের গোলে, গোয়ার নেহরু স্টেডিয়ামে, এফসি গোয়ার বিরুদ্ধে, গত সপ্তাহে।
‘উন্নতির রাস্তায় আছি। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে অন্তত হারিনি, একটা পয়েন্ট তো পেয়েছিলাম। আমার তো মনে হয়, বেশ ভালই খেলেছিলাম। জেতা উচিত ছিল। আরও ভাল খেলতে হবে, আরও পরিশ্রম করতে হবে পরের খেলার আগে,’ বলেছিলেন সহকারী কোচ মিগেল, যাঁকে এবার জায়গা ছেড়ে দিতে হবে প্রধান কোচ আবাসকে। চার ম্যাচের নির্বাসন কাটিয়ে ফিরে আসছেন যিনি।
তবে, পুনের কাজটা সহজ হবে না, বলছে রেকর্ড। আগের দু’মরসুমে চারবারের দেখায় পুনে এখনও একবারও হারাতে পারেনি চেন্নাইয়িনকে, উল্টে হেরেছে তিনবার। বাকি একবার ড্র।
আর, পুনের কাছে আরও খারাপ খবর হল, তাদের বিপক্ষ প্রাথমিক জড়তা কাটিয়ে ছন্দে ফিরতে শুরু করেছে। এফসি গোয়া আর নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে শেষ দুটো ম্যাচে জিতেছে। রবিবার পুনে সিটি এফসি-কে হারাতে পারলে টানা তিনটি ম্যাচে জিতবে, এবারের তৃতীয় আইএসএল-এ যা করে দেখাতে পারেনি কোনও দল।
‘জেতা আর হারার মধ্যে ফারাক গড়ে দেয় মানসিকতা। দিল্লির বিরুদ্ধে হারের পর, আমরা সবাই-ই বুঝতে পেরেছিলাম, খারাপ খেলেছি। মানসিকতা পাল্টেছি সবাই, তারপর। ফল দেখতেই তো পাচ্ছেন পরের দুটো ম্যাচে,’ বলেছেন চেন্নাইয়িনের কোচ মার্কো মাতেরাজ্জি।
তবে, মাতেরাজ্জিরও সব কিছু পরিকল্পনামাফিক চলেনি। তাঁর সেরা ভারতীয় স্ট্রাইকার জেজে লালপেখলুয়া গতবার নিজে ৬ গোলের পাশাপাশি ৩ গোলের পাসও বাড়িয়েছিলেন। এবার এখনও পর্যন্ত একটিও গোল করতে পারেননি, বাড়াতে পারেননি একটিও গোলের পাস। পুনের বিরুদ্ধে যদিও তাঁর রেকর্ড খুবই ভাল – দুটি গোল করেছেন যার মধ্যে শেষ গোলটি তাঁর দলকে এনে দিয়েছিল জয়, শেষ দেখায়। তাই পুনের বিরুদ্ধে মাতেরাজ্জি হয়ত চাইবেন আস্থা রাখতে, জেজের ওপর, আরও একবার।
রবিবার জিতলে চেন্নাই উঠে আসতে পারে লিগ তালিকার শীর্ষে। আর পুনে জিতলে? প্রথম চারে ঢুকে পড়তে পারে যেমন, ঘরের মাঠের দুঃস্বপ্নের পারফরম্যান্সও পেছনে ফেলে সামনে তাকাতে পারবে।
No comments