প্রজ্ঞান ৪-৭০, পাঞ্জাবকে হারিয়ে ৬ পয়েন্ট বাংলার
বাংলা প্রথম ইনিংস: ৪০৪ (সায়ন ১৩৫, অগ্নিভ ৭০, পঙ্কজ ৫৫, সুদীপ ৫১, মনোজ ৪৫, সন্দীপ ৪-৯৬)
পাঞ্জাব প্রথম ইনিংস: ২৭১ (উদয় ৭৭, সন্দীপ ৪৬ অপরাজিত, দিন্দা ৫-৫৮, অমিত ৫-৭৬)
বাংলা দ্বিতীয় ইনিংস: ২২৬ (মনোজ ৯২, সিদ্ধার্থ কল ৬-৫৭)
পাঞ্জাব দ্বিতীয় ইনিংস: ২৪৪ (মনন ভোরা ৭৫, প্রজ্ঞান ওঝা ৪-৭০, অমিত ৩-৯৩)
বাংলা ১১৫ রানে জয়ী
রাইট স্পোর্টস ডেস্ক
বিলাসপুরে পাঞ্জাবের বিরুদ্ধে ৬ পয়েন্টই তুলে নিল মনোজ তেওয়ারির বাংলা। চতুর্থ দিন পাঞ্জাবের সামনে লক্ষ্য ছিল ৩৬০। কিন্তু প্রজ্ঞান ওঝা, অমিত কুইলা ও অশোক দিন্দার সামনে পাঞ্জাব আত্মসমর্পণ করে ২৪৪ রানে। প্রথম ইনিংসে ১৩৫ রানের জন্য ম্যাচের সেরা হলেন বাংলার ওপেনার সায়নশেখর মন্ডল।
পাঞ্জাবের দ্বিতীয় ইনিংসের শুরুটা অবশ্য খুবই ভাল হয়েছিল, দুই ওপেনার মনন ভোরা এবং জিবনজোৎ সিং প্রথম উইকেটে ১০০ রান তোলায়। জীবনজোৎকে তুলে প্রথম ধাক্কাটা দিয়েছিলেন দিন্দাই, শনিবার যিনি বাংলার হয়ে জোরে বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের মালিক হয়েছিলেন। ৩২০-র সঙ্গে আরও দুটি উইকেট যোগ করে এখন প্রথম শ্রেণীর ক্রিকেটে দিন্দার সংগ্রহে ৩২২ উইকেট।
শনিবারের ১৮২-৫ নিয়ে খেলতে নেমে বাংলা সকালে ইনিংস শেষ করেছিল ২২৬ রানে। ৬১ অপরাজিত থেকে অধিনায়ক মনোজ তেওয়ার আরও একটি শতরানের দিকে এগোচ্ছিলেন। কিন্তু বাংলার শেষ ব্যাটসম্যান হিসাবে আউট হন অধিনায়ক, ব্যক্তিগত ৯২ রানে। অন্তত সাড়ে তিনশো রানের লক্ষ্য পাঞ্জাবের সামনে রাখতে চেয়েছিলেন। সেই লক্ষ্যে অধিনায়ক অবশ্য সফল, আরও ১০ রান বাড়িয়ে ফেলেছিলেন ততক্ষণে। পাঞ্জাবের হয়ে সিদ্ধার্থ কল নিয়েছিলেন ৬ উইকেট, মাত্র ৫৭ রান দিয়ে। কিন্তু, খেলার ফলাফলে তাতে বিরাট প্রভাব পড়েনি।
বিলাসপুরে প্রথম ইনিংসে বাংলার দুই পেসার পাঁচটি করে উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে সেই দুজনের সংগ্রহে পাঁচ উইকেট আরও। ম্যাচের চতুর্থ ইনিংসে অবশ্য ভেলকি দেখালেন প্রজ্ঞান ওঝা। ৭০ রানে নিলেন ৪ উইকেট যার মধ্যে যুবরাজ সিং-ও আছেন। ৩৭.৩ ওভারে যুবরাজ চতুর্থ ব্যাটসম্যান হিসাবে আউট হওয়ার পরই ম্যাচে জাঁকিয়ে বসেছিল বাংলা। ১৬২ রানে ভোরাও আউট হয়ে যাওয়ার পর – এই উইকেটটাও প্রজ্ঞানেরই – যত তাড়াতাড়ি সম্ভব পাঞ্জাবের ইনিংস শেষ করাই কাজ ছিল বাংলার বোলারদের। ৭২.৩ ওভারেই কাজ শেষ।
প্রথম ম্যাচে উত্তর প্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে এগিয়ে থাকায় ৩ পযেন্ট পেয়েছিল বাংলা। এবার পাঞ্জাবকে হারিয়ে ঘরে এল ৬ পয়েন্ট। মানে, এই মরসুমে রনজি ট্রফিতে দু’ম্যাচে এখন ৯ পয়েন্ট পকেটে বাংলার।
No comments