কেরিয়ারে ৩০০ গোল, নেইমাররা ৫-০ ওড়ালেন বলিভিয়াকে
ব্রাজিল-৫ : বলিভিয়া-০
(নেইমার ১১’, কুতিনিও ২৬’, লুইস ৩৯’, খেসুস ৪৪’, ফির্মিনো ৭৫’)
জিকোকে ছুঁয়ে ফেলেছিলেন আগের ম্যাচেই। বলিভিয়া ম্যাচের শুরুতেই গোল করে এ বার তাঁকে টপকে গেলেন নেইমার। দেশের হয়ে ৪৯তম গোল করে ফেললেন তিনি। ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার তালিকায় চারে। সামনে শুধু রোমারিও (৫৬), বড় রোনালদো (৬৭) ও পেলে (৯৫)।
২৪ বছরের নেইমার শুধু যে জিকোকে পিছনে ফেললেন তা-ও নয়, কেরিয়ারের ৩০০তম গোলও করে ফেললেন দেশের মাঠে প্রাক বিশ্বকাপের ম্যাচে। নেইমারকে ঘিরে উন্মাদনার মধ্যেই বলিভিয়াকে ৫-০ উড়িয়ে দিল ব্রাজিল। ১১ মিনিটে নেইমারকে দিয়ে শুরু। পরের চারটে গোল কুতিনিও, লুইস, খেসুস ও ফির্মিনোর। লুইস ও খেসুসকে দিয়ে গোল করিয়েছেন নেইমার।
নেইমার এক ঝলকে
কেরিয়ারের ৩০০ গোল
সানতোস ২৩০ ম্যাচে ১৩৮ গোল
বার্সেলোনা ১৫৪ ম্যাচে ৯৫ গোল
ব্রাজিলের সিনিয়র ও জুনিয়র টিম ৯৭ ম্যাচে ৬৭ গোল
এই ম্যাচে দারুণ ছন্দে ছিলেন নেইমার। ম্যাচের ৬৪ মিনিটে বলিভিয়া কিপারের কনুইয়ের ধাক্কায় মাথা ফেটে যায় বার্সেলোনা তারকার। সেই সঙ্গে এই ম্যাচে তৃতীয় হলুদ কার্ড দেখায় পরের মঙ্গলবার ভেনেজুয়েলা ম্যাচে নেই তিনি। তবে ১০ নভেম্বরের আর্জেন্তিনা ম্যাচ খেলতে পারবেন নেইমার।
বহু দিন পর ব্রাজিল ফুটবলে যেন ফিরল সেই পুরোনো আবেগ। দুঙ্গা বিদায়ের পর যা ছিল প্রত্যাশিত। তিতের হাত ধরে আবার ফিরল গ্যালারিতে। নেইমারদের দায়িত্ব নেওয়ার পর তিনটে ম্যাচেই জিতল ব্রাজিল। ম্যাচের পর দানি আলভেস বলেওছেন, ‘ম্যাচের সময় গ্যালারি দেখতে দেখতে মনে হচ্ছিল, আমাদের পর পর জয় পুরো ছবিটাই পাল্টে দিয়েছে। ছন্দটা ধরে রাখতে হবে।’
নেইমারের মতো দেশের মাঠে অনন্য রেকর্ড ব্রাজিলেরও। ৫০তম প্রাক বিশ্বকাপের ম্যাচ খেলল ব্রাজিল। ৩৮টা জয়। ১২ ড্র। ১৩২ গোল দিয়েছে ব্রাজিল, খেয়েছে ২৬।
বলিভিয়া কার্যত কিছুই করতে পারেনি আক্রমণাত্মক ব্রাজিলের মুখে পড়ে। টানা তিন ম্যাচ জিতে প্রাক বিশ্বকাপের লাতিন আমেরিকার যোগ্যতা নির্ণায়ক পর্বের লিগ টেবলে দুইয়ে ব্রাজিল। ১৮ পয়েন্ট নিয়ে। একে লুইস সুয়ারেজের উরুগুয়ে, ১৯ পয়েন্ট।
No comments