দেশের জার্সিতে ফিরেই চার গোল রোনালদোর
পর্তুগাল ৬ অ্যান্ডোরা ০
রোনালদো ২, ৪, ৪৭, ৬৮, কাঞ্চেলো ৪৪, সিলভা ৮৬
রাইট স্পোর্টস ডেস্ক
ক্লাবের হয়ে করেছিলেন। এবার দেশের হয়েও এক ম্যাচে চার গোল করে ফেললেন ক্রিস্তিয়ানো রোনালদো!
বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে সামনে ছিল অ্যান্ডোরা। ২০১৬ ইউরো ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলার দিন চোট পেয়েছিলেন রোনালদো। তারপর ফিরলেন দেশের হয়ে এই প্রথম। আর ফিরেই চার গোল!
দেশের হয়ে চতুর্থ হ্যাটট্রিক, সব মিলিয়ে ফুটবল-জীবনে ৪২তম। দেশের হয়ে ১৩৪ ম্যাচে ৬৫ গোল এখন তাঁর নামে। তাঁর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী, আর্জেন্তিনার লিওনেল মেসি ১১৪ ম্যাচে ৫৬ গোল নিয়ে আপাতত অনেকটাই দূরে!
দেশের হয়ে প্রথমবার এক ম্যাচে চার গোল করে রোনালদোর মনে হয়েছে, ‘এমন দলের বিরুদ্ধে গোল-করা সবসময়ই কঠিন যারা ১১ জনকেই রাখে বলের পেছনে! হ্যাঁ, জানি দলের জন্য আমার উপস্থিতি গুরুত্বপূর্ণ। কিন্তু বাকি সবার উপস্থিতিও একই রকম গুরুত্ব দাবি করে। দেশের হয়ে খেলার সময় পুরোটাই দিয়েছি। ইউরোর ফাইনালে চোট পাওয়ার পর আবার ফিরতে পেরে খুশি। আরও আটটা ম্যাচ বাকি। চেষ্টা করব আটটা ম্যাচ জিতেই রাশিয়া পৌঁছতে।’
ক্রিস্তিয়ানোর এই পারফরম্যান্সে পর্তুগাল এবার বিশ্বকাপের বাছাইপর্বে প্রথম জয় পেল, দ্বিতীয় ম্যাচে। শুরুতে হেরে গিয়েছিল সুইৎজারল্যান্ডের কাছে। এবার জিতে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ বি-তে উঠে এল তৃতীয় স্থানে। তবে, ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আপাতত দ্বিতীয় স্থানে থাকা ফ্যারো আইল্যান্ড শীঘ্রই নেমে যাবে। শেষ পর্যন্ত বিশ্বকাপে সরাসরি পৌঁছনর লক্ষ্যে থাকবে সুইৎজারল্যান্ড আর পর্তুগালের সঙ্গে হাঙ্গেরি।
ইউরোপে এমন বহু দেশ আছে, বাছাইপর্বে বড় দলের বিরুদ্ধে যাদের গোল খাওয়ার রেকর্ড নিয়ে কুইজ হলে সমস্যায় পড়তে হবে। এই অ্যান্ডোরা যেমন। বাছাইপর্বে ৯৪ ম্যাচ খেলে তারা হারল ৯১ ম্যাচে! ফিফায় এই মুহূর্তে তাদের র্যাঙ্কিং ১৭৮, যেখানে ভারতের ১৪৮। কিন্তু ভারত তো আর ইউরোপে নয় যে, বিশ্বকাপের বাছাইপর্বে সরাসরি খেলার সুযোগ পাবে! ইউরোপের দেশ হওয়ায় যে-সুযোগ জোটে অ্যান্ডোরার। আর ৯৪-এর মধ্যে ৯১ ম্যাচ হেরেও যারা দিব্যি খেলে যায় বিশ্বকাপের বাছাইপর্বে, সরাসরি!
No comments