পয়েন্টের লক্ষ্যে গোয়া আর কেরল
এফসি গোয়া আর কেরালা ব্লাস্টার্সের লক্ষ্য এখন একই – শেষ দুটি ম্যাচ থেকে প্রাপ্ত আত্মবিশ্বাস কাজে লাগিয়ে রবিবার ফতোরদায় হিরো ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ থেকে যত বেশি সম্ভব পয়েন্ট ঘরে তোলা।
প্রথম চার ম্যাচ থেকে মাত্র একটিই পয়েন্ট পেয়েছিল গোয়া। শেষ ম্যাচে মুম্বইকে হারিয়ে এই মরসুমে প্রথম পেয়েছে তিন পয়েন্ট। আবার কেরালা ব্লাস্টার্সও শেষ দুটি ম্যাচ থেকে চার পয়েন্টে তুলেছে, প্রথম তিনটি ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পাওয়ার পর।
‘এই ম্যাচটায়ও সেরা খেলাটাই খেলতে হবে, আমাদের প্রয়োজনীয় পয়েন্ট তুলে নিতে। এবার কিন্তু আইএসএল-এ অনেক বেশি ভারসাম্য। ফলে, আগের দুবারের মতো হবে না। প্রথম চারে থাকার জন্য কম পয়েন্ট দরকার হবে, কারণ এবার অনেকগুলো ম্যাচ ড্র হচ্ছে, হবেও। আমাদের প্রধান লক্ষ্য প্রথম চারে থাকা, আর এখনকার লক্ষ্য সোমবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচ,’ বলেছেন এফসি গোয়ার কোচ জিকো, ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে।
মুম্বই সিটির বিরুদ্ধেই এবার প্রথম এফসি গোয়া কোনও গোল খায়নি। আগের চার ম্যাচে সাত গোল খাওয়ার পর। তাদের এই রেকর্ড এখনও পর্যন্ত এবারের আইএসএল-এ সবচেয়ে খারাপ রেকর্ড। জিকোর মতে এই খারাপ রেকর্ডের কারণ অবশ্য অন্য। বিপক্ষ দলগুলো তাদের বিরুদ্ধে ম্যাচে সাকুল্যে দুটি বা তিনটি সুযোগ তৈরি করে কাজে লাগাতে পেরেছে।
তবে, গোয়ার রক্ষণ নিয়ে জিকোর চিন্তা বোধহয় দূর হওয়ার পথে। গ্রেগরি আর্নোলিন শেষ দুটি ম্যাচেই খেলেছেন শুরু থেকে। তাদের মার্কি ফুটবলার লুসিও-ও শেষ ম্যাচে পরিবর্ত হিসাবে মাঠে নেমেছিলেন। জিকোর কাছে জানতে চাওয়া হয়েছিল, কেরলের বিরুদ্ধে কি রক্ষণের মাঝখানে লুসিও-আর্নোলিন জুটিকে দিয়েই শুরু করবেন? কোচ বলেছেন, খেলার আগে দুজনকে শেষবার অনুশীলনে দেখেই সিদ্ধান্ত নেবেন।
‘সবসময় একশো শতাংশ ফিট ফুটবলারদের খেলানোর পক্ষে থেকেছি। তাতে যদি কাউকে নিজের জায়গা ছাড়া অন্যত্রও খেলাতে হয়, পিছপা হইনি,’ বুঝিয়ে দিয়েছেন জিকো।
কেরল আবার মাত্র তিন গোল খেয়েছে প্রতিযোগিতায় যা এবারের আইএসএল-এ সবচেয়এ ভাল ডিফেন্সিভ রেকর্ড, নর্থইস্ট ইউনাইটেডের সঙ্গে যৌথভাবে। এমনকি, শেষ তিন ম্যাচে কেরল গোল খেয়েছে মাত্র একটিই। আ্যারন হিউজ, সন্দেশ ঝিঙ্গল ও সেদরিক এঙ্গেবার্তের রক্ষণ দুর্দান্ত খেলায়।
‘দেখুন, দল গড়ার সময় এত কিছু ভেবে রক্ষণ সাজাইনি। মনে হচ্ছে এই রক্ষণ পেছনে থাকায় আমরা মজবুত। একই সঙ্গে এ-ও ঠিক যে, যতগুলো গোল প্রয়োজন ছিল, আমরা করতে পারিনি,’ বলেছেন কেরলের কোচ স্টিভ কোপেল।
ম্যাঞ্চেস্টার সিটির প্রাক্তন ম্যানেজার খেলার আগে গোয়াকে সমীহই করছেন, জানিয়েছেন। প্রথম দু’বছরে এই দল নিয়ে জিকোর সাফল্য উপেক্ষা করা সম্ভব নয় তাঁর পক্ষে।
‘খেলাটা উত্তেজক হবে। দুটো দলই চাইছে জিততে। হারার প্রশ্নটাই উঠছে না! যখন দুটো দলই জিততে মরিয়া হয়, আক্রমণে যায়। এগিয়ে না গেলে গোল পাবে কী করে? এফসি গোয়ার খেলা দেখেছি, জানি ওরা কীভাবে খেলতে পছন্দ করে। ঘরের মাঠে খেলবে, ওদের দায়িত্ব তো একটু হলেও বেশি। জেতার তাগিদ দেখাতে আক্রমণে উঠতেই হবে ওদের, আসতে হবে আমাদের অর্ধে,’ মনে করছেন কোপেল।
No comments