চোট-সমস্যায় মুম্বই, কলকাতার চাই ৩ পয়েন্ট
আইএসএল মিডিয়া রিলিজ
আতলেতিকো দে কলকাতার ভরসা তাদের শক্তিশালী ফরোয়ার্ড লাইন। আর তাদের ওপর আস্থা রেখেই নিজেদের অপরাজিত আখ্যা ধরে রাখতেই মঙ্গলবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে নামবে কলকাতা, মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে।
তৃতীয় আইএসএল-এ এখন কলকাতাই একমাত্র অপরাজিত দল যারা নিজেদের প্রতিটি ম্যাচেই অন্তত একটি গোল করেছে। প্রাক্তন চ্যাম্পিয়নরা দ্বিতীয়ার্ধে গোল করেছে মোট পাঁচটি, যা বাকি সাত দলের মধ্যে সবচেয়ে বেশি। যেহেতু মুম্বই তাদের ছ’টি গোলের মধ্যে পাঁচটিই খেয়েছে দ্বিতীয়ার্ধে, কলকাতা এই তথ্য থেকেও বেশি উৎসাহী হবে।
এই ম্যাচে তিন পয়েন্ট পাওয়ার গুরত্ব সম্পর্কে কোচ হোসে মোলিনা ওয়াকিবহাল কারণ, এরপরই টানা তিনটি ম্যাচ বাইরে খেলতে যেতে হবে কলকাতাকে, যথাক্রমে নর্থইস্ট ইউনাইটেড,এফসি পুনে সিটি ও দিল্লি ডায়নামোসের বিরুদ্ধে।
‘আশা করছি, মুম্বইয়ের বিরুদ্ধে খেলার সময় ফুটবলাররা সবাই তৈরি থাকবে, মাঠে নামবে তিন পয়েন্টের লক্ষ্যেই। তালিকার শীর্ষে চলে যাব তা হলে, যা অবশ্যই ভাল ব্যাপার কিন্তু যা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। তিনটে পয়েন্ট পাওয়াই লক্ষ্য,’বলেছেন মেলিনা। তাঁর দল শেষ ম্যাচে দিল্লি ডায়নামোসকে ১-০ হারিয়ে ঘরের মাঠে প্রথম জয় পেয়েছিল এই মরসুমে।
লিগ তালিকায় এখন দ্বিতীয় স্থানে আছে কলকাতা, ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে। যদি মুম্বইকে হারাতে পারে মঙ্গলবার, উঠে আসবে প্রথম স্থানে, নর্থইস্ট ইউনাইটেডকে পেছনে ফেলে।
‘তিন পয়েন্ট পাওয়া গুরুত্বপূর্ণ কারণ তা আমাদের নিয়ে যাবে চূড়ান্ত লক্ষ্যের দিকে। আর আসল লক্ষ্য হল সেমিফাইনালে জায়গা নিশ্চিত করা। তখন শীর্ষে থাকলাম কিনা, আদৌ তত গুরুত্বপূর্ণ নয়,’ মনে করছেন কলকাতার কোচ।
তৃতীয় আইএসএল-এর শুরুতে মুম্বই দুর্দান্ত এগিয়েছিল, প্রথম দুটি ম্যাচে এফসি পুনে সিটি এবং নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জিতে। কিন্তু তারপর চারটি ম্যাচে একটিও জয় পায়নি। উল্টে পয়েন্ট পেয়েছে মাত্র দুই। শেষ ম্যাচে এফসি গোয়ার কাছে আবার হেরেছিল ০-১।
মুম্বই সিটির কোচ আলেকজান্দ্রে গিমারায়েস বলেছেন, ‘কলকাতা যাচ্ছি সেই পয়েন্টগুলো তুলে নিতে যা আমরা এফসি গোয়ার বিরুদ্ধে পাইনি।’
কোস্তা রিকার কোচের হাতে অবশ্য অনেক কাজ। দলের বহু ফুটবলার আহত। লিও কোস্তা ও আনোয়ার আলি শেষ ম্যাচে বেঞ্চে ফিরেছিলেন সবে, চোট সারিয়ে। প্রণয় হালদার ও দেফেদেরিকো আবার চোট পেয়ে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচে চোট পাওয়া বইথাং হাওকিপ এখনও পুরো সুস্থ নন। সঙ্গে চারজন ফুটবলার আছেন বেঙ্গালুরু এফসি-র সঙ্গে, এখনও যাঁরা দলে যোগ দিতে পারেননি, এএফসি কাপের ফাইনালের কারণে। গিমারায়েসের কাজটা তাই সত্যিই কঠিন।
No comments