স্যান্টনার-বোল্টের দাপটে ভারতের ৫০০ হচ্ছে না!
প্রথম দিনের শেষে ভারত ৯ উইকেটে ২৯১, বিজয় ৬৫, পুজারা ৬২, অশ্বিন ৪০, স্যান্টনার ৭৭-৩, বোল্ট ৫৭-৩
রাইট স্পোর্টস ডেস্ক
৫০০ টেস্টের শুরুতে ভারতের ৫০০ রান হচ্ছে না, নিশ্চিত!
চিত্রনাট্য যদিও তৈরিই ছিল। টস জিতে প্রথমে ব্যাটিং। এমন উইকেট যেখানে ফাটল আছে, কিন্তু তৃতীয় দিনের আগে তা তেমন বিরাট আকার নেবে না যাতে ব্যাট করতে অসুবিধা হতে পারে। ক্রিজে জমে গিয়েছেন টেস্টে এই মুহূর্তে ভারতের সেরা দুই সম্ভাবনা, মুরলি বিজয় ও চেতেশ্বর পুজারা। স্কোরবোর্ডে ১৫০, মাত্র ১ উইকেট হারিয়ে। অধিনায়ক বিরাট কোহলি, নির্ভরযোগ্য অজিঙ্ক রাহানে, চিত্তাকর্ষক রোহিত শর্মা সাজঘরে। সবই তো ঠিকঠাক!
তবু পাল্টে গেল সব। দিনের শেষে ২৯১ রান, ৯ উইকেটে। পুজারা আউট হওয়ার পরপরই কোহলি-বিজয়। রাহানে ফিরে আসার পর রোহিত আর অশ্বিনের ব্যাটে খানিক স্বস্তি। তবে মুম্বইকারের ছোঁকছোঁক তাঁকে নিয়ে ওঠা প্রশ্নগুলোর উত্তর দিতে ব্যর্থ আবারও। অধিনায়কের আস্থাভাজন হলে অযাচিত কিছু সুযোগ জুটে যায়। আস্থা ভেঙে গেলে কিন্তু অচল ফেভিকলও!
এ-বছর, মানে ২০১৬ সালে, ভারতের হয়ে টেস্টে সবচেয়ে বেশি রান করেছেন কে, জানেন?
রবিচন্দ্রন অশ্বিন!
অফস্পিনারের উইকেট সংখ্যা কম নয়। তবু ৫ টেস্টে আপাতত ২৭৫ রান বলে দিচ্ছে, যখন প্রয়োজন, আউট হতে অস্বীকার করেছেন অশ্বিন। বিজয় (৬৫) আর পুজারার (৬২) অর্ধশতরানের পর তিনি তৃতীয় সর্বোচ্চ (৪০)। বল করার জন্য তাঁরই তো কিছু রান দরকার ছিল বোর্ডে!
কিউইরা দেখাল, প্রস্তুত হয়েই এসেছে ভারতে। বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার ৩ উইকেট নিলেন ৭৭ রানে। লোকেশ রাহুল, পুজারা আর রোহিত তাঁর শিকার। ট্রেন্ট বোল্টেরও তিন উইকেট, তবে শুরুতে নয়, দ্বিতীয় নতুন বলে। ভারতের লেজ ছেঁটে ছোট করলেন। ওয়াগনার, ক্রেগ আর ইশ সোধির একটি করে উইকেট যার মধ্যে ওয়াগনারের দখলে সবচেয়ে দামী শিকার, বিপক্ষ অধিনায়ক।
টেস্ট ক্রিকেট যদি ‘সেশন-সেশন’ খেলার হিসাব, প্রথম দিনের শেষ তিন ‘সেশন’ দেড়-দেড় ভাগ করে নিল ভারত ও নিউজিল্যান্ড। সুবিধাজনক অবস্থান থেকে নিউজিল্যান্ডকে ফিরিয়ে আনলেন রোহিতরাই। ব্যাটহাতে মোটামুটি ভদ্রস্থ রানে দলকে পৌঁছে দেওয়ার পর এবার আসল কাজ বাকি অশ্বিনের। বল হাতেও ভেল্কি দেখানো, কানপুরের গ্রিনপার্কে!
No comments