রিওর রাস্তায় বোল্টের সঙ্গে বাংলার দেবশ্রী
রাইট স্পোর্টস ডেস্ক
অলিম্পিক গেমস ভিলেজ মানে এক ছাতার তলায় সারা দুনিয়ার সেরা অ্যাথলিটরা। কখনও একই ডাইনিং টেবলে বসে খাবার খাবেন রাফায়েল নাদালের মতো স্টার। কিংবা একই লিফ্টে দেখা মিলতে পারে সেরেনা উইলিয়ামসের।
অলিম্পিক মানে সেরা তারকাদের সঙ্গে কয়েক দিন কাটানোর সুযোগ। সবচেয়ে বড় ব্যাপার, অলিম্পিকের দুটো সপ্তাহ এই সব সুপারস্টাররাও বেরিয়ে আসেন তাঁদের চেনা গণ্ডি ছেড়ে। মিশে যান চেনা-অচেনা সকলের সঙ্গে। রিওতে তেমনই ঘটল বাংলার দেবশ্রী মজুমদারের সঙ্গে।
গেমস ভিলেজের রাস্তায় দেবশ্রীর সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল উসেইন বোল্টের সঙ্গে। যত বড় স্টারই হোন না কোন, সেই বোল্টও দাঁড়িয়ে পড়েছেন দেবশ্রীর সঙ্গে, বাঙালি অ্যাথলিটের ছবি তোলার আব্দার মেটাতে।
৪x৪০০ মিটার ভারতীয় রিলে টিমে সুযোগ পেয়েছেন বাংলার দেবশ্রী মজুমদার। মন দিয়ে আপাতত প্র্যাক্টিসে ব্যস্ত দেবশ্রী। তার মধ্যে হঠাৎই দেখা হয়ে গেল বোল্টের সঙ্গে।
এই রিওতে বোল্ট ইতিহাস গড়ার জন্য নামবেন ট্র্যাকে। টানা ন’টা সোনা জেতার লক্ষ্যে। কিন্তু দেবশ্রীর সঙ্গে ছবি তোলার সময় কে বলবে তিনি উসেইন বোল্ট!
No comments