৩০০০ মিটার স্টিপলচেজের ফাইনালে ললিতা, গর্বিত ভারত
পিটি উষার পর প্রথম! অ্যাথলেটিক্সের ট্র্যাকে অলিম্পিকের ফাইনালে পৌঁছলেন এক ভারতীয়। ললিতা বাবর নামবেন স্বাধীনতা দিবসে, ৩০০ মিটির স্টিপলচেজ ফাইনালে। তাঁর আগে আর কেউ যা করে দেখাতে পারেননি!
৩০০০ মিটার স্টিপলচেজের ফাইনালে পৌঁছতে জাতীয় রেকর্ড ভেঙে দিলেন ললিতা। ৯ মিনিট ১৯.৭৬ সেকেন্ডে দৌড়ে। ভারতের জাতীয় রকর্ড ছিল সুধা সিংয়ের। ৯ মিনিট ২৬.৫৫ সেকেন্ডে দৌড়েছিলেন সুধা, এ-বছর মে মাসে, সাংহাইতে। প্রায় সাত সেকেন্ড কমিয়ে ফেললেন ললিতা, রিও-তে।
নিজের হিটে চতুর্থ হয়েছিলেন মহারাষ্ট্রের সাতারা জেলার ললিতা। প্রতিটি হিট থেকে প্রথম তিনজন সরাসরি জায়গা পান ফাইনালে। আর, সঙ্গে তিনটি হিটের সেরা ছ’জন আরও। ললিতার জায়গা হয় সেইভাবে। অথচ, দ্বিতীয় হিট-এর জায়গায় তৃতীয় হিটে দৌড়লে ললিতা প্রথম হতেন এই সময় নিয়ে! সুধাও ছিলেন হিটে, কিন্তু ৯ মিনিট ৪৩.২৯ সেকেন্ডে নিজের সময়ের থেকেই অনেক পেছনে দৌড় শেষ করে ৩০তম স্থান পেয়েছিলেন সুধা। ফাইনালে ওঠার প্রশ্নই ছিল না।
৩২ বছর পর কোনও ভারতীয় মহিলা অ্যাথলিট অলিম্পিকের ফাইনালে ট্র্যাকে দৌড়বেন, তা-ও ভারতের স্বাধীনতা দিবসে। ললিতা উদ্দীপ্ত। বলেছেন, সর্বস্ব দিয়ে দেবেন। কিন্তু, ৩০০০ মিটার স্টিপলচেজের হিটেই ৯ মিনিট ১২.৬২ সেকেন্ড সময় করে ফাইনালে পৌঁছেছেন বাহরিনের রুথ জেবেৎ। পদকের আশা না-করাই ভাল, যদি না বিরাট অঘটন ঘটে। তবে, ভারতীয় অ্যাথলিট হিসাবে ৩০০০ মিটার স্টিপলচেজের ফাইনালে দৌড়নই বিরাট কৃতিত্ব!
No comments