বোল্টের রিও অলিম্পিকে হঠাৎ প্রশ্নচিহ্ন
রাইট স্পোর্টস ডেস্ক
রিও অলিম্পিকে কি দেখা যাবে না উসেইন বোল্টকে? বিশ্বের দ্রুততম মানবকে ঘিরে তেমনই আশঙ্কা!
শুক্রবার জামাইকার জাতীয় চ্যাম্পিয়নশিপ থেকে চোটের জন্য নাম তুলে নিয়েছেন বোল্ট। এখান থেকেই রিওর টিকিট পাওয়ার কথা ছিল বোল্টের। হিট ও সেমিফাইনালে নামলেও শেষ পর্যন্ত হ্যাস্ট্রিংয়ের চোটের জন্য সরে দাঁড়ান। তার পরই তাঁকে ঘিরে তৈরি হয়েছে এই সংশয়।
টুইটারে বোল্ট যা লিখেছেন, তাতে সেই আশঙ্কা আরও ছড়াচ্ছে। বোল্ট বলেছেন, ‘সেমিফাইনালের পর চোটটা বুঝতে পারলাম। বুঝতে পারলাম, এর পর নামা মানে ঝুঁকি নেওয়া হয়ে যাবে। তাই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম।’
বোল্ট নাম তুলে নেওয়ায় জামাইকার জাতীয় চ্যাম্পিয়নশিপে প্রথম হয়েছেন ইওহান ব্লেক। সঙ্গে পেয়ে গেলেন রিওর টিকিটও। চোটের জন্য দীর্ঘ সময় ট্র্যাকের বাইরে ছিলেন তিনি। চোট সারিয়ে রিও অলিম্পিকের ঠিক আগে আবার ছন্দে লন্ডন অলিম্পিকে রুপো জেতা স্প্রিন্টার।
চতুর্থ হওয়ায় আসাফা পাওয়েল এ বার আর অলিম্পিকে নামতে পারছেন না। তারই মধ্যে আবার মেয়েদের ১০০ মিটারে বিশ্ব চ্যাম্পিয়ন স্প্রিন্টার শেলি অ্যান ফ্রেজার প্রাইস হেরে গেলেন ফাইনালে। তিনিও চোটের জন্য অনেক দিন ট্র্যাকের বাইরে ছিলেন।
যত চিন্তা অবশ্য বোল্টকে নিয়ে। টুইটারে তিনি লিখেছেন, ‘আমার চিকিৎসা দরকার। সেটা শুরুও করে দিয়েছি।’ জামাইকা চ্যাম্পিয়নশিপ থেকে নাম তুলে নিলেও বোল্টের রিও নামার দরজা বন্ধ হয়ে যাচ্ছে না। ২২ জুলাই লন্ডন অ্যানিভার্সারি মিটে চ্যাম্পিয়ন হয়ে রিওর টিকিট ‘কনফার্ম’ করতে পারেন। বোল্ট নিজেই বলেছেন, ‘২২ জুলাই লন্ডন মিট থেকে আশা করি রিওর টিকিট পেয়ে যাব।’
No comments