শিখরের বদলে ওপেনার হিসেবে হয়তো টিমে রাহুল
রাইট স্পোর্টস ডেস্ক
এই ওয়েস্ট ইন্ডিজের কিংসটনে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। বছর পাঁচেক আগের সেই দিল্লির তরুণের সঙ্গে এখনকার ক্রিকেটারকে মেলানো যাবে না। বিস্তর ফারাক। সময় পাল্টেছে তাঁকে। ক্যারিবিয়ান সফরে টিম নিয়ে মাঠে নামার আগে ক্যাপ্টেন বিরাট কোহলির মধ্যে কোনও বাড়তি আবেগ নেই। রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের চরম তাগিদ।
আজ রাত থেকে শুরু হতে চলেছে অ্যান্টিগার প্রথম টেস্ট। তার আগে কিছুটা দ্বিধায় ভুগছেন কি কোহলি? ওপেনার হিসেবে শিখর ধাওয়ানকে বসিয়ে লোকেশ রাহুলকে খেলানোর ভাবনা ঘুরছে মাথায়। রয়েছে তিন স্পিনার দুই পেসার খেলার ছকও।
প্রথম টেস্টের আগে বিরাট যা যা বললেন তুলে ধরা হল।
প্রসঙ্গ: অভিষেক সফর
বিরাট: ওয়েস্ট ইন্ডিজ আমার কাছে স্মরণীয় জায়গা। এখানেই আমার টেস্ট অভিষেক হয়েছিল। তখন টেস্ট ক্রিকেট সম্পর্কে বিশেষ কিছু জানতামই না। ওয়েস্ট ইন্ডিজে পা দিয়ে এই ফর্ম্যাটটা সম্পর্কে অনেক কিছু জেনেছিলাম, শিখেছিলাম।
প্রসঙ্গ: অ্যান্টিনা টেস্ট নিয়ে ভাবনা
বিরাট: পিচটা কেমন, দেখব। সেরা একাদশ বাছব। বোলারদের ঠিকঠাক বাছাটাই আসল কাজ। তৃতীয় বা চতুর্থ দিন পিচের চরিত্র কী দাঁড়ায়, সেটা বড় ব্যাপার। তার পর যে ভাবনা সাজিয়ে নিয়ে নামব মাঠে, সেটা কাজে করে দেখাতে হবে।
প্রসঙ্গ: শিখর না রাহুল
বিরাট: খুব কঠিন পরিস্থিতি। যদি রাহুলের কথা বলতে হয়, শেষ তিন-চার মাসে ও দারুণ উন্নতি করেছে। রোজ কিছু না কিছু দেওয়ার চেষ্টা করছে টিমকে। সত্যি বলতে কী, তৃতীয় ওপেনার হিসেবে ও নিজেকে প্রতিষ্ঠা করেছে।
আর শিখরের কথা যদি বলতে হয়, ও সব সময় আক্রমণাত্মক ক্রিকেটার। যতক্ষণ ক্রিজে থাকবে প্রতিপক্ষকে চাপে রাখবে। ওয়েস্ট ইন্ডিজের পরিবেশ, পিচ ওকে আরও সাহায্য করবে। শ্রীলঙ্কাতে শিখর দ্রুত সেঞ্চুরি করেছিল। তার পর চোট নিয়ে বেরিয়ে যায়।
সুতরাং আমার কাছে পরিস্থিতিটা অত্যন্ত জটিল। কাকে খেলাব, সেটা শেষ মুহূর্তের আগে ঠিক করতে পারব বলে মনে হয় না।
প্রসঙ্গ: সামি
বিরাট: দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড— সব জায়গাতে দারুণ বোলিং করেছে সামি। টেস্ট ম্যাচে আর বিশ্বকাপে দুটোতেই ও যথেষ্ট সাফল্য পেয়েছে। চোটের জন্য ওকে অনেক দিন পাওয়া যায়নি। এখন আবার টিমে ফিরেছে। সামির হাতে প্রচুর অস্ত্র। নতুন আর পুরোনো বলে সমান বোলিং করতে পারে। ওর ফেরা টিমের ব্যালান্স বাড়িয়েছে অনেকটা।
প্রসঙ্গ: পঞ্চম বোলারের ভূমিকা
বিরাট: বোলারদের যেমন সেরাটা দিতে হবে, তেমনই ব্যাটসম্যানদের রান করতে হবে। শেষ কয়েকটা সিরিজের পর বুঝতে পেরেছি, পঞ্চম বোলারের ভূমিকাটা কতটা জরুরি। এই ব্যাপারে কিছু ভাবনা আছে মাথায়। তবে সেটা প্রকাশ্যে বলতে চাই না।
প্রসঙ্গ: উন্নতির জায়গা
বিরাট: অস্ট্রেলিয়া সিরিজের পরে কয়েকটা জরুরি ব্যাপার নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যার মধ্যে একটা ছিল, লাঞ্চ আর টি-এর পর আমরা নিয়মিত উইকেট হারায়। আবার শ্রীলঙ্কায় দেখেছিলাম, চাপের মুখে বৈচিত্র্য তুলে ধরতে পারছি না। টেস্ট সিরিজে এই ভুলগুলো করা চলে না। তবে সবচেয়ে বড় ব্যাপার হল, আমরা নিজেদের ভুলটা বুঝতে পারছি। আর সেটা দ্রুত শুধরে নেওয়ার চেষ্টাও করছি।
No comments