মেসিকে ঘিরে আশা ও আশঙ্কা । অভীক রায়
চোটের জন্য কোপা সেন্টেনারিওর প্রথম ম্যাচ খেলা হয়নি। পানামার বিরুদ্ধে মাঠে ফিরছেন লিওনেল মেসি।
বৃহস্পতিবার শিকাগোতে টিমের সঙ্গে প্র্যাক্টিস করেছেন। একই সঙ্গে এলএম টেন নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘যত দ্রুত সম্ভব ফিট হয়ে মাঠে ফিরতে চাইছি। যাতে টিমকে সাহায্য করতে পারি।’
হন্ডুরাসের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে কোমরে চোট পাওয়ার পর আর মাঠে নামতে পারেননি মেসি। চিলির বিরুদ্ধে কোপার প্রথম ম্যাচে তাঁকে বেঞ্চেই রেখেছিলেন আর্জেন্টিনা কোচ। মেসি না খেললেও জিততে অসুবিধে হয়নি টিমের। চিলিকে ২-১ হারিয়েছিল আর্জেন্টিনা।
মেসিকে নিয়ে তাঁর কোচ তাতা মার্তিনোও বলেছেন, ‘মেসি টিমে থাকা মানে জেতার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। কোপা জিতলে গেলে ওকে ভীষণ দরকার। ওর চোট আগের থেকে অনেক ভালো। আশা করছি, দ্রুত ফিট হয়ে টিমে ফিরবে।’
যতই আশার আলো দেখুন আর্জেন্টিনা কোচ, মেসিকে নিয়ে পুরোপুরি নিঃসংশয় হওয়া যাচ্ছে না। টিমের সঙ্গে মাঠে নেমে পুরো প্র্যাক্টিস করলেও একশো শংতাশ ম্যাচ ফিট নন বার্সেলোনার সুপারস্টার। আর্জেন্টিনা কোচ মুখে যাই বলুন না কোন, তিনিও কোনও ভাবে তাড়াহুড়ো করতে চান না। চিলিকে হারানোয় অনেকটা ভালো জায়গায় রয়েছে টিম। সে ক্ষেত্রে পানামা ম্যাচেও মেসি না খেললে তেমন কোনও সমস্যা হবে না মার্তিনোর টিমের।
কোপায় এখনও মেসি-ঝলক দেখতে না পাওয়া গেলেও তাঁকে নিয়ে ব্যাপক উন্মাদনা। শিকাগোতে আর্জেন্টিনার প্র্যাক্টিসে হামলে পড়ে জনতা। আর্জেন্টিনার টিম হোটেলের বাইরে ব্যাপক ভিড়। এক মুখ দাঁড়ি রাখা মেসিও যেন উপভোগ করছেন তাঁকে ঘিরে মার্কিনদের আবেগ।
মেসিকে টপকে সবচেয়ে ধনী রোনাল্দো
সময়টা সত্যি ভালো যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্দোর। লিওনেল মেসিকে আবার পিছনে ফেললেন সিআর সেভেন।
ফোর্বসের সবচেয়ে ধনী ক্রীড়াবিদের তালিকায় একে রোনাল্দো। মাইনে ও এনডোর্সমেন্ট ধরলে বছরে তাঁর আয় ৮ কোটি ৮০ লক্ষ ডলার। দুইয়ে থাকা মেসির আয় সবমিলিয়ে ৮ কোটি ১৪ লক্ষ ডলারের মতো।
ফোর্বসের ধনী ক্রীড়াবিদদের তালিকায় বরাবর দাপট ব্যক্তিগত ইভেন্টের। টিম ইভেন্ট সেখানে অনেক পিছিয়ে। ১২ বার বিশ্বের সবচেয়ে ধনী প্লেয়ার হয়েছেন টাইগার উডস। শেষ চার বছরে ফ্লয়েড মেওয়েদার তিন বার শীর্ষে ছিলেন। ১৯৯০ সালে মাইকেল জর্ডন ছিলেন একমাত্র প্লেয়ার যিনি টিম ইভেন্ট থেকে সবচেয়ে ধনী ক্রীড়াবিদ হয়েছিলেন। ২৬ বছর পর সেখানে ঢুকে পড়লেন রোনাল্দো।
রোনাল্দো-মেসির মতো ফোর্বসের তালিকায় জমজমাট লড়াই দুই টেনিস তারকারও। ফরাসি ওপেন জিতে যতই কেরিয়ারে ১২টা গ্র্যান্ড স্লাম পান নোভাক জকোভিচ, আয়ের নিরীখে তাঁকে পিছনে ফেললেন রজার ফেডেরার। ফেডেরার চারে, তাঁর আয় সবমিলিয়ে ৬ কোটি ৭৮ লক্ষ ডলার। আর ছয়ে জোকারের আয় ৫ কোটি ৫৮ লক্ষ ডলার।
তিনে ও পাঁচে দুই বাস্কেটবলার, লেব্রন জেমস (৭ কোটি ৭২ লক্ষ ডলার) এবং কেভিন ডুরান্ট (৫ কোটি ৬২ লক্ষ ডলার)।
ফোর্বসের তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য ‘পতন’ মারিয়া শারাপোভার। প্রায় এক দশকের কাছাকাছি সময় যিনি ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী মহিলা ক্রীড়াবিদ। সেই জায়গাটা নিয়ে নিলেন সেরেনা উইলিয়ামস। ৪০-এ রয়েছেন তিনি। শারাপোভা ৮৮ নম্বরে।
টেনিস সার্কিটে যাই রেজাল্ট করুন, ফোর্বসের তালিকায় শারাপোভা প্রথম কুড়িতেই থেকেছেন বরাবর। কিন্তু ডোপিংয়ের ধরা পড়ার পর একে একে শারাপোভাকে ছেড়ে গিয়েছে তাঁর স্পনসররা। ২ বছরের জন্য সাসপেন্ড করেছে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনও।
No comments