হ্যাটট্রিকে প্রত্যাবর্তন ও জবাব মেসির | অভীক রায়
আর্জেন্টিনা-৫ : পানামা-০
(মেসি ৬৮, ৭৮ ও ৭৮, ওতামেন্দি ৭, আগুয়েরো ৯০)
এই হ্যাটট্রিক কি তাঁর জবাব?
ভক্তকুল ও ফুটবল দুনিয়া সে ভাবেই দেখছেন দেশের জার্সিতে তাঁর অবাক প্রত্যাবর্তন!
আটচল্লিশ ঘণ্টা আগে আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো মারাদানোর মন্তব্য ছিল, ‘মেসির মধ্যে নেতৃত্ব দেওয়ার কোয়ালিটি নেই।’ এলএম টেন কিন্তু মুখ খোলেননি। উত্তর মিলল হ্যাটট্রিকে। কোপা সেন্তেনারিওতে পানামার বিরুদ্ধে পরিবর্ত হিসেবে নেমে চোখ ঝলসানো হ্যাটট্রিক করলেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে যা এই প্রথম। দেশকে কোপার পরের পর্বেও নিয়ে গেলেন অধিনায়াক।
চোটের জন্য খেলতে পারেননি কোপার প্রথম ম্যাচ। চিলির বিরুদ্ধে বেঞ্চে বসে সেই ম্যাচ দেখেছিলেন মেসি। পানামা ম্যাচেও তাঁকে নিয়ে সংশয় ছিল। শিকাগোতে মেসিকে মাঠে দেখা যায় ৬১ মিনিটে, অগাস্টো মাতিয়াসের পরিবর্ত হিসেবে। তার পরই ম্যাজিক।
৬৮ থেকে ৮৭, ১৯ মিনিটে ক্যারিশমা। যে স্কিল দেখার জন্য মুখিয়ে ছিলেন মার্কিনরা, অবশেষে তার দেখা মিলল। হিগুয়েনের চোরা পাস থেকে প্রথম গোলটা করে শুরু মেসির। দ্বিতীয় গোলটা প্রায় তিরিশ গজ দূর থেকে নেওয়া অবিশ্বাস্য ফ্রি কিক থেকে। তিন নম্বর গোলটা আলবার্তো রোখোর পাস থেকে।
মেসির আগে ও পরে আর্জেন্টিনাকে গোল দিয়েছেন ওতামেন্ডি ও আগুয়েরো। ৩১ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান গোডে। ১০ জনের পানামা যে দ্রুত হারিয়ে যাবে, তা জানাই ছিল। আর্জেন্টিনার গোলের শুরু ৭ মিনিটে। দি মারিয়ার পাস থেকে ওতামেন্ডি ১-০ করেন। ৯০ মিনিটে আবার রোখোর পাস থেকে আগুয়েরোর ৫-০। মাঝের টুকু মেসিময়।
যে দিন তিনি খেলেন, স্রেফ দর্শক হয়ে যান দিয়েগো মারাদোনারা!
No comments