মুগুরুজাকে হারিয়ে উইম্বলডনে অঘটন সেপেলোভার
রাইট স্পোর্টস ডেস্ক
২০১৪ সাল: সেরেনা উইলিয়ামস।
২০১৫ সাল: সিমোনা হালেপ।
২০১৬ সাল: গাবিন মুগুরুজা।
শেষ তিন বছরে তিন বড় শিকার জানা সেপেলোভার। যত দিন যাচ্ছে স্লোভাকিয়ার টেনিস প্লেয়ার ততই যেন হয়ে উঠছেন ‘জায়েন্ট কিলার’!
সেরেনা, হালেপের পর সেপেলোভার হাতে উইম্বলডন যাত্রা শেষ হয়ে গেল মুগুরুজার। ৩-৬, ২-৬ হেরে।
কয়েক দিন আগেই ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন মুগুরুজা। সেরেনা উইলিয়ামসকে হারিয়ে। সেই তিনিই উইম্বলডনে সেপেলোভার মুখে পড়ে কিছুই করতে পারলেন না। বিশ্বের ১২৪ নম্বর টেনিস প্লেয়ার শুরু থেকে ঝড় তুলেছিলেন। তাতে খড়কুটোর মতো উড়ে গেলেন মুগুরুজা।
বিশ্বের দু’নম্বর মুগুরুজা প্রথম সেটটাতে তাও কিছুটা লড়েছিলেন। কিন্তু পরের সেটটাতে দাঁড়াতেই দেননি সেপেলোভা। তৃতীয় রাউন্ডে স্লোভাকিয়ার প্লেয়ার খেলবেন চেক প্রতিদ্বন্দ্বী লুসি সাফারোভার সঙ্গে।
ম্যাচ জেতার পর ২৩ বছরের সেপেলোভা বলেছেন, ‘পর পর দুটো সেটেই যে মুগুরুজাকে উড়িয়ে দেব, তা সত্যিই ভাবিনি। অপ্রত্যাশিত লেগেছে। তবে নিজের খেলায় আমি সন্তুষ্ট।’
একই সঙ্গে তিনি বলেছেন, ‘এর আগেও আমি কিছু নামী মুখকে হারিয়েছি। আমি কোর্টে নামার পর থেকেই তৈরি ছিলাম মানসিক ভাবে। শেষ পর্যন্ত স্বপ্নটা সত্যি হয়েছে। আমি তৃপ্ত।’
No comments