গ্রিজমান : ঘরের মাঠে খেলছি, উল্টো দিকে কারা, ভাবছি না
আতলেতিকো মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছে। এখন স্বপ্ন, ঘরের মাঠে ইউরো জয়। নিজে তিন গোল করেছেন, ফ্রান্সকেও অন্যরকম দেখাচ্ছে। আত্মবিশ্বাসী গ্রিজমান কথা বলেছেন উয়েফা ডট কম-এর সঙ্গে। সেই সাক্ষাৎকারের সারাংশ -
প্রসঙ্গ - ইউরো কাপের গোল্ডেন বুট
গ্রিজমান: জানি, টপ স্কোরারদের তালিকাতে ঢুকে পড়েছি। কিন্তু সত্যি বলতে কী, লক্ষ্য গোল্ডেন বুট নয়। প্রতি ম্যাচে নিজের উন্নতি করতেই চাই। ইউরো কাপের শুরুটা ভাল ছিল না। যত সময় গড়িয়েছে, ফিরে পেয়েছি নিজেকে। আগের ম্যাচে দুটো গোল আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।
প্রসঙ্গ - আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে গোলের সেলিব্রেশন
গ্রিজমান: গোলের পর আমার যে নাচটা দেখতে পান, ড্রেকের ভিডিও থেকে শেখা। আতলেতিকো মাদ্রিদের হয়ে গোল করার পরও ওরকমই নাচি। আলবেনিয়ার বিরুদ্ধে গোলের পর এতটা আবেগতাড়িত হয়ে পড়েছিলাম যে, নাচতে ভুলে যাই। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় গোলের পর সেলিব্রেশন ডান্সটা বেরিয়ে এসেছে।
প্রসঙ্গ - গ্যালারির গ্রিজমান গানটা
গ্রিজমান: অসম্ভব ভাল লেগেছে গানটা শুনে। আমার বোন ওটার ভিডিও পাঠিয়েছিল। শুনে বেশ ভাল লেগেছে। সত্যি বলতে কী, সোশ্যাল মিডিয়া এবং গ্যালারিতে সব মিলিয়ে আমাকে নিয়ে যা হচ্ছে, তৃপ্ত। হয়তো এই কারণেই সেরাটা উজাড় করে দিতে পারছি।
প্রসঙ্গ - স্ট্রাইকারেই খেলতে চান
গ্রিজমান: আতলেতিকো মাদ্রিদের হয়ে আমি সাধারণত সামনে খেলতেই অভ্যস্ত। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে যখন আক্রমণে খেলতে দেওয়া হল, ব্যাপারটা সহজ হয়ে গিয়েছিল। প্রথম বার তিন ফরোয়ার্ডের মাঝখানে খেললাম দেশের হয়ে। কিংসলে কোম্যান ডান দিকে আর আমি যদি মাঝখানে খেলি, আরও অনেক বেশি সুযোগ পাই গোল করার। সেটাই ঘটেছে আয়ার্ল্যান্ড ম্যাচে। তবে কোচ যেখানে চাইবেন, সেখানেই খেলব।
প্রসঙ্গ - প্রি-কোয়ার্টারে ফ্রান্সের ধীর গতিতে শুরু
গ্রিজমান: আয়ার্ল্যান্ড ম্যাচটা যদি দেখেন, দুটো হাফে দু’রকম ফ্রান্সকে মনে পড়বে। প্রথমার্ধে আমাদের খেলার ধরনটা পাল্টাতে হবে। এটা নিয়ে আমরা কথাও বলেছি। শুরু থেকেই সব উজাড় করে দিতে হবে। দেশকে, ফ্যানদের, পরিবারকে এবং নিজেদের জন্য।
প্রসঙ্গ - কোয়ার্টার ফাইনাল ম্যাচ
গ্রিজমান: যে কোনও আয়োজক দেশই তাদের ঘরের মাঠে যখন খেলে, তখন নিজেদের সেরাটা দিতে চায়, ট্রফি জেতার স্বপ্নে। আমরাও ব্যতিক্রম নই। ঘরের মাঠে যখন খেলছি, উল্টো দিকে কারা আছে, সে সব নিয়ে ভাবব না। ম্যাচটা জিতে ইউরো কাপের সেমিফাইনালে যেতে চাই।
No comments