Showing posts with label Technical Director. Show all posts
Showing posts with label Technical Director. Show all posts

Tuesday, March 13, 2018

খালিদের মাথায় টিডি, ইস্টবেঙ্গলে ফিরছেন সুভাষ

 

রাইট স্পোর্টস ডেস্ক


কলকাতা, ১২ মার্চ - ইস্টবেঙ্গলের টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে ফিরে আসছেন সুভাষ ভৌমিক। সুপার কাপের জন্য কোচ খালিদ জামিলের মাথায় বসানো হল তাঁকে। আর ম্যানেজারের পদ থেকে সরে গেলেন মনোরঞ্জন ভট্টাচার্য। মঙ্গলবার সন্ধ্যায় ইস্টবেঙ্গল তাঁবুতে দীর্ঘক্ষণের বৈঠকের চুম্বক।

আই লিগে চতুর্থ হওয়ার পর খালিদ জামিলকে নিয়ে প্রশ্ন ছিল ইস্টবেঙ্গলের অন্দরে। শীর্ষকর্তারা তাঁকে রাখতে খুব একটা আগ্রহী ছিলেন না। শেষ দুই ম্যাচে জিতলে যেখানে চোদ্দ বছরের খরা কাটতে পারত, ইস্টবেঙ্গল দুটি ম্যাচই ড্র করেছিল। স্বাভাবিকভাবেই কর্তা ও সমর্থকদের ক্ষোভের লক্ষ্য ছিলেন কোচ খালিদ। তার ওপর, আই লিগে দুটি ডার্বিতেই মোহনবাগানের কাছে হার, সব মিলিয়ে গতবারের আই লিগজয়ী কোচকে নিয়ে একেবারেই সন্তুষ্ট ছিল না লালহলুদের পরিচালন গোষ্ঠী। সভায় তাঁকে রাখা নিয়ে তুমুল এবং উত্তপ্ত আলোচনাও হয় বলেই খবর।

[caption id="attachment_4118" align="alignleft" width="2136"] আবার ইস্টবেঙ্গলে সুভাষ ভৌমিক। ছবি - সন্দীপ দত্ত[/caption]

শেষ পর্যন্ত খালিদকে রেখেই দেওয়া হল, তবে মাথার ওপর ক্লাবের প্রাক্তন ফুটবলার এবং কোচ সুভাষ ভৌমিককে বসিয়ে। যদিও ইস্টবেঙ্গলের হয়ে আশিয়ানজয়ী সুভাষ এব্যাপারে এখনই কথা বলতে রাজি নন। তবে জানিয়ে দিয়েছেন, ইস্টবেঙ্গলের প্রস্তাবে না বলাটাও তাঁর পক্ষে মুশকিল।

আই লিগে ম্যানেজার হিসাবে ছিলেন আর এক ইস্টবেঙ্গলি মনোরঞ্জন ভট্টাচার্য। তিনি সরে দাঁড়িয়েছেন। খালিদ একা নন আর। তাঁর মাথায় সুভাষ ভৌমিক থাকায় একনায়কতন্ত্র চালাতে পারবেন না বলেই বিশ্বাস করতে চাইছেন লালহলুদ কর্তারা।

সুপার কাপ শুরু হবে ৩১ মার্চ। বাছাইপর্বে মুম্বই সিটি এফসি বনাম ইন্ডিয়ান অ্যারোজ ম্যাচে জয়ী দলের বিরুদ্ধে ইস্টবেঙ্গল খেলবে, আগামী ৫ এপ্রিল। সুপার কাপের সব খেলাই ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে।