Thursday, October 1, 2026

কাশীনাথ ভট্টাচার্য /‌ মনীষা–‌কোমল হবেন কেউ, আগামী ৩ অক্টোবর?

মনীষা কল্যাণ, সিনিয়র ব্রাজিলের বিরুদ্ধে ভারতের প্রথম গোল করেছিলেন

ব্রাজিলের বিরুদ্ধে ভারত ফুটবল বিশ্বকাপেও খেলেছে‍‌!‌

না, কোনও ভুল নেই এই বাক্যে। সত্যিই খেলেছিল ভারত, ফিফা বিশ্বকাপে ব্রাজিলের বিরুদ্ধে। সিনিয়র বিশ্বকাপ নয়, পুরুষদের বা ছেলেদেরও নয় — অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিশ্বকাপে। সেই খেলা হয়েছিল ভুবনেশ্বরে, ২০২২ সালের ১৭ অক্টোবর। সুইডিশ কোচ টমাস ডেনারবি ছিলেন ভারতের কিশোরীদের দায়িত্বে। গ্রুপ লিগে শেষ ম্যাচে ০–‌৫ হেরেছিল ভারত।

ফিফা বিশ্বকাপে প্রথমবার ব্রাজিলের বিরুদ্ধে খেলছে ভারত, সেই ম্যাচে হাজির থাকার সুযোগ হাতছাড়া করতেমন চায়নি। তাই পৌঁছে গিয়েছিলাম ভুবনেশ্বরে। তখন লিখতাম শিলচরের দৈনিক প্রান্তজ্যোতি কাগজে। থাকল সেই ম্যাচ–‌রিপোর্ট, প্রমাণ হিসাবে।

সেই ম্যাচ–‌রিপোর্ট

২০১৭ অনূর্ধ্ব ১৭ ছেলেদের ফিফা বিশ্বকাপেও ভারত ও ব্রাজিল ছিল। কিন্তু আয়োজক ভারত ছিল এ গ্রুপে, ব্রাজিল গ্রুপ ডি–‌তে। একই গ্রুপে না–‌থাকায় মুখোমুখি হয়নি।

সিনিয়র ব্রাজিলের বিরুদ্ধেও খেলে ইতিহাস লিখেছিলেন মনীষা কল্যাণ। ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি, ব্রাজিলের মানাউসে। চারদেশীয় আন্তর্জাতিক মহিলাদের প্রতিযোগিতার প্রথম ম্যাচে আরেনা দো আমাজোনিয়ায় ব্রাজিলের সিনিয়র মহিলা দল সে দিন ৬–‌১ উড়িয়ে দিয়েছিল ভারতকে। কিন্তু ইতিহাসে নাম লিখে ফেলেছিলেন পঞ্জাবের মেয়ে মনীষা, ৮ মিনিটে গোল করে ১–‌১ সমতা ফিরিয়ে। এখনও সেই গোলের ভিডিও পাওয়া যায়। বাঁদিক দিয়ে ঢুকে এসে দুরন্ত শটে গোল। তখন তিনি ১৯, এখন ২৪। দেশের সীমানা পেরিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলেছেন, গ্রিস দেশে এইকে আথেন্স ক্লাবের হয়ে এখন খেলেন মনীষা। সিনিয়র ফুটবলে ব্রাজিলের বিরুদ্ধে ভারতের একমাত্র গোলের নজির যাঁর পায়ে।

মনীষার সেই গোলের ভিডিও দেখতে পারেন এই লিঙ্কে —


যে কোনও স্তরের ফুটবলে ব্রাজিলের বিরুদ্ধে ভারতের প্রথম দেখা অবশ্য ২০১৬ সালের ১৩ অক্টোবর। অনূর্ধ্ব ১৭ ব্রিকস প্রতিযোগিতায়, গোয়ার বাম্বোলিমে অ্যাথলেটিক স্টেডিয়ামে। ভারতীয় অনূর্ধ্ব ১৭ ছেলের দল সেই দিনও হেরেছিল যথারীতি। কিন্তু ইতিহাস হয়ে গিয়েছিলেন কোমল থাটাল, ১–‌১ করে। বাইচুং ভুটিয়ার সিকিমের কোমলও বাঁদিক দিয়ে ঢুকে এসেই দুরন্ত শটে হার মানিয়েছিলেন ব্রাজিলের গোলরক্ষককে। শেষে হার ১–‌৩ এবং মনে রাখার মতো তথ্য, ব্রাজিলের তিন নম্বর গোল পেনাল্টি থেকে যা করেছিলেন বিনিসিউস জুনিয়র। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে সেই ম্যাচ রিপোর্ট পড়ে নিতে পারেন এখানে ক্লিক করে — 

https://www.the-aiff.com/article/spirited-india-taste-defeat-against-brazil

২০১৬-এর অক্টোবরে সেই প্রথম দেখার দশ বছর হতে চলেছে। আগামী ৩ অক্টোবর কলকাতার যুবভারতীতে আবার ভারত ‌বনাম ব্রাজিল। এবার সিনিয়র স্তরে এবং প্রীতি ম্যাচে। তবুও কলকাতার ব্রাজিলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষায়। ১৯৭৭ সালে পেলে কলকাতায় এসেছিলেন কসমসের হয়ে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে। মনে করিয়ে দিয়ে ব্রাজিলের ফুটবল ফেডারেশন ফেসবুকে পোস্ট করেছে চারটি ছবি দিয়ে, দেখে নিতে পারেন এখানে - 

https://www.facebook.com/story.php?story_fbid=1668407624635947&id=100044001765106&mibextid=wwXIfr&rdid=3isCYbYdpWVEgaRV&checkpoint_src=any#

শুধু, দশ বছরে ‘‌ভারতের নেইমার’‌ কোমল থাটালকে এখন আর ভারতেরই কোনও ক্লাব সই করায় না, আর বিনিসিউস সিনিয়র বিশ্বকাপে খেলেন ব্রাজিলের হয়ে, নাম লিখে ফেলেছেন বর্তমান বিশ্বের সেরা ফুটবলারদের তালিকায়, রেয়াল মাদ্রিদে নিয়মিত খেলতে খেলতে‌!

‌

‘‌ভারতের নেইমার’‌ কোমল থাটাল

5 comments:

  1. গোলটা কিন্তু একঘর ভাই!

    ReplyDelete
    Replies
    1. এক্কেবারে, কোনও কথা হবে না!! তবে পরিচয় আড়ালে কেন ?

      Delete
  2. দারুণ লেখা

    ReplyDelete
  3. অসাধারণ লিখেছ!!!

    ReplyDelete
  4. ছদ্মবেশ কেন? কে বকবে?

    ReplyDelete