আটে আট ইস্টবেঙ্গলের, শুরুতেই খালিদের ট্রফি
ম্যাচ ২-২, পেনাল্টি ১-১, লাল কার্ড ১-১!
শান্তনু ব্যানার্জি
শিলিগুড়িতে আটে আট করল ইস্টবেঙ্গল। চিরশত্রু মোহনবাগানের বিরুদ্ধে কলকাতা লিগের শেষ ম্যাচ ২-২ রেখে অপরাজিত লিগ চ্যাম্পিয়ন। ৯ ম্যাচে ২৩ পয়েন্ট দুই দলেরই। গোল-পার্থক্যে এগিয়ে থাকায় ট্রফি লালহলুদ তাঁবুতে আবারও। এবার নিয়ে টানা আটবার, যা কলকাতা লিগের রেকর্ড ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেল অন্য সব দলের।

কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে নামার আগেই ইস্টবেঙ্গল জানত, ড্র করতে পারলেই চ্যাম্পিয়ন হবে। মোহনবাগানও জানত, চ্যাম্পিয়ন হতে গেলে জিততেই হবে তাদের। সেই লক্ষ্যে দু-দুবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনতে পারলেন না ক্রোমা-কামোরা। ফলে, কলকাতায় প্রথম বার কোচ হিসাবে এসে প্রথম প্রতিযোগিতাতেই ট্রফি পেলেন খালিদ জামিল।
মোহনবাগানের কোচ শঙ্করলাল চক্রবর্তী বলেছিলেন, জেতাই লক্ষ্য যখন, প্রথমার্ধ একটু দেখে খেলবেন। কিন্তু, শুরুতেই গোল পেয়ে যায় মোহনবাগান, মাত্র তিন মিনিটে। আজহারের শট ইস্টবেঙ্গলের বিদেশি ডিফেন্ডার মিচেলের পায়ে লেগে গোলে চলে যায়। আত্মঘাতী গোল, নিশ্চিত। মিচেলের পায়ে বল না লাগলে সোজা ব্যারেটোর হাতেই যাচ্ছিল বল। তবে, কলকাতায় এমন গোলগুলো সচরাচর আত্মঘাতী দেওয়া হয় না। কেন, কে জানে!
ত্রিনিদাদ ও টোবাগোর এই ডিফেন্ডারের হাত, আসলে পা, ছিল মোহনবাগানের দ্বিতীয় গোলের ক্ষেত্রেও। পেনাল্টি দিয়েছিলেন তিনি, যা থেকে গোল করতে ভুল করেননি ক্রোমা। দ্বিতীয়বার এগিয়ে যাওয়ার ঠিক পরেই ক্রোমা আরও একটি দুর্দান্ত সুযোগ পেয়েছিলেন দলকে ৩-১ এগিয়ে দেওয়ার। কিন্তু, পারেননি। আর এমন খেতাবিযুদ্ধে শেষ পর্যন্ত বড় হয়ে দাঁড়ায় এমন সুযোগ হারানোর ঘটনাগুলোই।
ইস্টবেঙ্গলকে খেলায় ফিরিয়েছিলেন রালতে, প্রথমার্ধ শেষ হওয়ার আগেই। সেট পিস অনুশীলনের ফলে ১-১। গাব্রিয়েলের বুদ্ধিদীপ্ত ফ্রি কিক থেকে বলটা রেখে গিয়েছিলেন চুলোভা, রালতে এসে ফাঁকা গোলে ঠেলে দেন যখন মোহনবাগানের রক্ষণ অফসাইডের ফাঁদ পেতে রেখে দাঁড়িয়ে দেখছিল প্রায়! দ্বিতীয় গোলের সময় পেনাল্টি থেকে আল আমনার গোল ঠাণ্ডা মাথায়।
রেফারি পেনাল্টিতে সমান-সমান করার পর লাল কার্ডেও সমান-সমান করেন কিংশুকের পর সুরাবুদ্দিনকে মাঠ থেকে বের করে দিয়ে। ম্যাচ ২-২, পেনাল্টি ১-১, লাল কার্ড ১-১!
মোহনবাগানও অপরাজিত থেকেই দ্বিতীয় হল, চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের সমান পয়েন্ট পেয়ে, কিন্তু গোল পার্থক্যে পিছিয়ে থেকে। আর, ইস্টবেঙ্গল কলকাতা লিগ জিতল ৩৯ বার। খালিদ জামিল আইজলকে আই লিগ দিয়ে এসে ইস্টবেঙ্গলকেও দিলেন মরসুমের প্রথম ট্রফি। ঘরোয়া মরসুমে এবার অপেক্ষা আই লিগের, যা শুরু হবে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ শেষ হওয়ার পর।
No comments