‘জার্সির রং আর সমর্থকদের জন্যই’ খালিদ ইস্টবেঙ্গলে
শান্তনু ব্যানার্জি
জল্পনার অবসান। ইস্টবেঙ্গলের নতুন কোচ হলেন খালিদ জামিল। লাল হলুদ তাঁবুতে বিকেলে ফুটবল সচিব রাজা গুহ, সচিব কল্যাণ মজুমদার এবং ক্লাব সভাপতি প্রণব দাশগুপ্তের উপস্থিতিতে ঘোষণা হয়ে গেল।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে খালিদ প্রথমেই জানালেন ইস্টবেঙ্গলের কোচ হওয়ার কারণ। 'প্রথমত জার্সির রং। রেড অ্যান্ড গোল্ড আমার প্রিয় রঙ।' তারই সঙ্গে আই লিগ চ্যাম্পিয়ন কোচ জানিয়েছেন, ' আর দ্বিতীয় হল ইস্টবেঙ্গলের সমর্থকরা। ওঁদের জন্যও ইচ্ছে ছিল এই ক্লাবে কোচিং করানোর। তাই কোচিং এর প্রস্তাব পেয়ে লুফে নিয়েছি।’
আইজল এফসিকে আই লিগ চ্যাম্পিয়ন করার পর রাতারাতি সমস্ত লাইমলাইট আছড়ে পড়েছিল খালিদের ওপর। বহু ক্লাবের নজর ছিল। এমনকি, আইজলও দাবি করেছিল, তাদেরই থাকছেন খালিদ। কিন্তু, খালিদের কথায়, 'নতুন বড় চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে ছিলাম। নীতুদার (দেবব্রত সরকার) কাছ থেকে অফার পেয়ে আর না করতে পারিনি।’
এক বছরের চুক্তিতে নিযুক্ত হয়ে খালিদ জানিয়েছেন, ‘মুম্বই এফসি, আইজল এফসি-তে কোচিং করানোর সময় প্রত্যাশার চাপ নিয়েই কাজ করেছি। বড় ক্লাবে প্রত্যাশার চাপ থাকে, থাকবেই। সেই চ্যালেঞ্জটা নেব বলেই তো রাজি হয়েছি। ইস্টবেঙ্গলে কোচ হওয়ার সুযোগ জীবনের বড় প্রাপ্তি।’
লাল হলুদ ক্লাবে প্রথম দিনই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পরিষ্কার করে দিয়েছেন নিজের লক্ষ্য। ‘শুরুর দিন থেকেই আই লিগ, ফেড কাপ নিয়ে ভাবতে রাজি নই। ধাপে ধাপে এগোতে চাই। প্রথমে কলকাতা লিগের প্রথম ম্যাচ, দ্বিতীয় ম্যাচ, এইভাবে, ধীরে ধীরে এগোতে চাই"।
খালিদ আরও জানিয়েছেন, তাঁর দুই ছাত্র আশুতোষ মেহতা এবং জয়েশ রানের সঙ্গে কথা চলছে ইস্টবেঙ্গলের। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে লাল হলুদের অনুশীলন শুরু করার ইচ্ছে রয়েছে।
একই দিনে মোহনবাগান থেকে ফিজিক্যাল ট্রেনার গার্সিয়াকেও ‘সই’ করাল ইস্টবেঙ্গল!
No comments